
‘প্রলয়ের’ ক্ষণগণনার জন্য তৈরি একদল বিজ্ঞানীর তৈরি করা ঘড়ির (ডুমসডে ক্লক) কাঁটা আরও ৩০ সেকেন্ড এগিয়ে দেওয়া হয়েছে। প্রতীকী অর্থে ডুমসডে ক্লকে যখন মধ্যরাত্রি বা ১২টা বাজবে, তখন বিশ্বে প্রলয় ঘটে যাবে।
বিশ্ব যখন বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, তখন এই ঘড়ির কাঁটা ১২টার দিকে এগিয়ে দেন এটির তত্ত্বাবধানকারী বিজ্ঞানীরা। ৩০ সেকেন্ড এগিয়ে যাওয়ায় এই ঘড়ির কাঁটা এখন ১৯৫৩ সালের পর মধ্যরাতের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে চলে এল। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর এর কাঁটা ১২টা বাজার মাত্র ২ মিনিট আগে চলে আসে।
বিজ্ঞানীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ কর্মকাণ্ড, জলবায়ু পরিবর্তন পরিস্থিতি ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ক্রমাবনতি, জাতীয়তাবাদী চেতনা মাথাচাড়া দেওয়া, অস্ত্রসম্ভার বৃদ্ধিসহ নানা কারণে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছেন তাঁরা।
১৯৪৫ সালে বিশ্বের প্রথম আণবিক বোমা বানানোর সঙ্গে যুক্ত একদল মার্কিন বিজ্ঞানী শিকাগো বিশ্ববিদ্যালয়ে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস (বিপিএ) নামের একটি সংগঠন গড়ে তোলেন। এই বিপিএ ১৯৪৭ সালে ডুমসডে ক্লক তৈরি করে। জলবায়ু পরিবর্তন ও পরমাণু অস্ত্র নিয়ে উদ্বেগের কারণে সর্বশেষ ২০১৫ সালে এর কাঁটা ১২টার তিন মিনিট আগের অবস্থানে ছিল। এখন সেখান থেকে ৩০ সেকেন্ড এগিয়ে ১২টার আড়াই মিনিট আগে এসে দাঁড়াল।