'ট্রাম্পের মতো দুর্বল মানুষ সব সময় অন্যকে দোষারোপ করেন'

করোনাভাইরাস মহামারির প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্যর্থতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দোষারোপ করে তহবিল বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প। ইতিমধ্যে এ বিষয়ে তাঁর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে বেশির ভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, সীমাবদ্ধ সক্ষমতা নিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া ভালোই দেখিয়েছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও সব সময় চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে—এমন অভিযোগ ট্রাম্পের। আর তাই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রকৃতপক্ষে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত যে অর্থ দেওয়ার কথা, তার প্রায় ২০ কোটি ডলার এখনো বকেয়া আছে। বরং অনুদান বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে বৃহত্তম একক দাতা তারা। চীনের চেয়ে বহুগুণ বেশি তাদের দান। তবে এই স্বেচ্ছাসেবী অবদান নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য আইন অধ্যাপক লরেন্স গোস্টিন বলেন, ডব্লিউএইচওর যে বাজেট, তা একটি বড় মার্কিন হাসপাতালের সমতুল্য। এটি বিশ্বব্যাপী দায়বদ্ধতার সঙ্গে একেবারেই অসম্পূর্ণ। এ অবস্থায় বিশ্বের নেতা হিসেবে করোনা মহামারি মোকাবিলায় অন্তত ডব্লিউএইচওর বাজেট দ্বিগুণ করতে পারত দেশটি।
ট্রাম্পের এ আচরণকে ভালো চোখে দেখছেন না নিজ দেশের নেতারাও। এক চিঠিতে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, এ সংকটে অদক্ষ প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ট্রাম্প এখন এক বিপর্যয়। অসংখ্য মার্কিন দুর্ভোগের কারণ। একজন দুর্বল মানুষ, গরিব নেতা, কোনো দায়দায়িত্ব নেন না। একজন দুর্বল মানুষ সব সময় অন্যকে দোষারোপ করেন। সত্য হলো, এখন এই মুহূর্ত থেকে আমেরিকানদের নিজেকে ও প্রিয়জনকে বাঁচাতে অবশ্যই মিথ্যা বক্তব্য এড়িয়ে বিজ্ঞানের ও এ–সম্পর্কিত মানুষের কথা শুনতে হবে।’
ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটি (ডিএনসি) প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছে, এই সিদ্ধান্ত আশ্চর্যজনকভাবে অস্বস্তিকর। ডিএনসি নেতা ড্যানিয়েল ওয়াসেল এক বিবৃতিতে বলেছেন, ‘এই বৈশ্বিক মহামারির মাঝামাঝিতে এসে ট্রাম্প বিশ্বব্যাপী মহামারি মোকাবিলার দায়িত্বে থাকা সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধ করতে চান। ট্রাম্প তাঁর নিজের ব্যর্থতার দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ঝুঁকিতে ফেলে দিচ্ছেন।’
তবে এর আগেও এমন আচরণ করেছেন ট্রাম্প। গত বছর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র।