'ট্রাম্প-পুতিন ফোনালাপ পারস্পরিক শ্রদ্ধার প্রকাশ'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গত শনিবারের ফোনালাপ তাঁদের পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল সোমবার এ মন্তব্য করেছেন।
ট্রাম্পের অভিষেকের পর এটিই ছিল পুতিনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক আলাপ। এতে দুই নেতাই রুশ-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে রাজি হয়েছেন। সিরিয়া সংকট মোকাবিলার জন্যও তাঁরা সাহায্য করবেন।
তবে ক্রেমলিন গতকাল বলেছে, রাশিয়ার ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো চুক্তি হবে কি না তা নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি। তবে প্রেসিডেন্ট পুতিন আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের আগেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এক সংবাদ সম্মেলনে বলেন, দুই নেতার ফোনালাপ ভালো ছিল। তবে সম্ভাব্য কোনো চুক্তির (অবরোধ নিয়ে) বিষয়ে মন্তব্য করা কঠিন। প্রথমে দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনার দিন-তারিখ নির্ধারণ করতে হবে। সহযোগীরা এ নিয়ে কাজ করছেন।
পেস্কভ আরও বলেন, পুতিন ও ট্রাম্প শনিবারের আলোচনায় মার্কিন অবরোধ প্রসঙ্গে কোনো কথা বলেননি। তবে রুশ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে জটিল জটিল সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট পুতিন অনেক দিন ধরেই এমন আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো গত কয়েক বছরে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।