'ডোনাল্ড ট্রাম্প আত্মত্যাগ-এর অর্থই জানেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী খিজির খানের ভাষণের সময় নীরব থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিলেন প্রয়াত মার্কিন সেনার মা গাজালা খান। গাজালা বলেছেন, ট্রাম্প ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। তিনি ‘আত্মত্যাগ’ শব্দের অর্থই জানেন না।
গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির সম্মেলন চলাকালে গাজালার স্বামী খিজির খান এক আবেগময় বক্তৃতায় ট্রাম্পের সমালোচনা করেন। খিজিরের ভাষণের সময় গাজালা খান পাশেই দাঁড়িয়ে ছিলেন। তবে কোনো কথা বলেননি। পরে খিজিরের বক্তব্যের সমালোচনায় ট্রাম্প বলেছিলেন, হয়তো গাজালাকে কথাই বলতে দেওয়া হয়নি।
খিজির-গাজালা দম্পত্তির ছেলে মার্কিন সেনা কর্মকর্তা হুমায়ুন খান ২০০৪ সালে ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক মন্তব্য প্রতিবেদনে গাজালা লিখেছেন, ‘সম্মেলনে মঞ্চে পেছনে আমার ছেলের বিরাট ছবি ছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। কোনো মা কি তা পারেন? ডোনাল্ড ট্রাম্পেরও সন্তান রয়েছে। তাদের তিনিও নিশ্চয় ভালোবাসেন। তাঁর কি জানা দরকার কেন আমি কথা বলিনি?’
গাজালা লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প ইসলাম নিয়ে কথা বলেছেন। তিনি এই ধর্ম সম্পর্কে কিছু জানেন না। তিনি যদি প্রকৃত ইসলাম সম্পর্কে জানেন এবং পবিত্র কোরআন পড়েন, তবে সন্ত্রাস নিয়ে তাঁর সব ধারণাই পাল্টে যাবে।’
মন্তব্য প্রতিবেদনে গাজালা খান আরও লেখেন, ‘ট্রাম্প বলেছেন, তিনি অনেক ত্যাগ করেছেন। আত্মত্যাগের প্রকৃত অর্থই তো তিনি জানেন না। সেদিন আমি কোনো কথা না বললেও পুরো যুক্তরাষ্ট্র সেই সঙ্গে পুরো বিশ্ব আমার ব্যথা বুঝতে পেরেছে।’