
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা নিয়ে সদ্য প্রকাশিত বইয়ের সুবাদে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সাংবাদিক জোনাথন অ্যালেন ও অ্যামি পার্নস রচিত শ্যাটারড: ইনসাইড হিলারি ক্লিনটন’স ডুমড ক্যাম্পেইন বইটিতে হিলারির জন্য বিব্রতকর তথ্য রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রচারণার ওপর একপ্রকার ময়নাতদন্তই করা হয়েছে বইটিতে। এ কারণেই এটি প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর প্রচারণা-সংশ্লিষ্ট কর্মীরা সন্দেহের আওতায় পড়ে গেছেন। কে বা কারা এর লেখকদের কাছে ভেতরকার ‘বিব্রতকর তথ্য’ ফাঁস করলেন, এখন সে প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে।
হিলারির প্রচারণা দলের আর্থিক বিষয়ক পরিচালক ডেনিস চ্যাং বলেন, ‘আমাদের বলা হয়েছে, হিলারির প্রচারণা কর্মকাণ্ডকে অদক্ষ হিসেবে বর্ণনা করা বইটির ভেতরে যে বিশদ রয়েছে, তা ভেতরকার লোকদেরই জানার কথা।’
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট কারা কথা বলেছেন জানতে চেয়ে প্রচারণার জ্যেষ্ঠ কর্মীদের এখন বার্তা পাঠাচ্ছেন ডেনিস চ্যাং। যাঁরা নিজের চামড়া বাঁচাতে হিলারি এবং তাঁর প্রচারণা ব্যবস্থাপক রবি মুককে বিপদের দিকে ঠেলে দিয়েছেন, তাঁদের ধরার চেষ্টা করছেন চ্যাং। সূত্রটি আরও বলে, জল্পনা রয়েছে, নিজের মান বাঁচাতে হুমা আবেদিনই আসলে (লেখকদের সঙ্গে) সহযোগিতা করেছেন।