'তিন বছরের শূন্যতা আমাকে কাঁদায়'

‘আই এম এক্সাইটেড! বাড়ি গিয়ে ঈদ করব। এই যে খুশি, যা ভাষায় ব্যক্ত করা যায় না, দেশের মাটিতে ভাই-বোন আত্মীয়-স্বজন, বন্ধুদের সাথে ঈদের আনন্দে এদিক-ওদিক ঘুরে বেড়াব। গত তিন বছর অনেক কিছু মিস করেছি। তবে একদিনের জন্যও মিস করিনি আমার ছোটবেলার বন্ধু মাহি ও মিটুকে। ওরা দুজনই বাংলাদেশে মেডিকেলে পড়ালেখা করছে। ওদের সাথে প্রতিদিন যেকোনো একসময় কথা বলেছি। তিন বছর শুধু শূন্যতায় ভুগেছি—এ কথা ভেবে যে আমি জন্মভূমি বাংলাদেশে নেই!’
এ সব কথা শেখ মো. সোহরাওয়ার্দীর (ইমন)। তিনি তিন বছর আগে আমেরিকার কানসাসের উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে এসেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঈমাম উল্লাহ চরে।
সোহরাওয়ার্দী উত্তর আমেরিকা প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে উনিশ বছর বয়সে বাংলাদেশ ছেড়েছি। সবে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া। নিজের দেশ দেখা হয়নি। এর মধ্যে আমেরিকার ভিসা। অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমেরিকায় আসি। সেই থেকে আকাঙ্ক্ষার মাত্রা উচ্চতায় পৌঁছাতে অনন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বলা যায়, পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রকৌশলী হওয়ার ঝোঁক ছিল বরাবর। দাদু প্রয়াত মুক্তিযোদ্ধা জাহিদুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তানের ফ্লাইট সার্জন হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। বাবা বর্তমানে বাংলাদেশের নামকরা শিপিং লাইনসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পৃথিবীর নানা বন্দরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি অভিজ্ঞতার ওপর ভর করে দু ছেলেকে পৃথিবীর দুই দেশে (চীন ও আমেরিকা) উচ্চশিক্ষা অর্জনের জন্য পাঠিয়েছেন। আমার ভাই শেখ মো. জুবায়েদ সায়েম চীনের একটি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
সোহরাওয়ার্দী বলেন, ‘চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে আমরা দুই ভাই এসএসসি ও এইচএসসি পাস করে বিদেশে পাড়ি জমাই। রহস্যজনক কারণে ছোট বেলা থেকে উড়োজাহাজ বানানোর অদম্য ইচ্ছা নিজের মধ্যে কাজ করত। যার পূর্ণতা পাচ্ছে আমেরিকার মাটিতে পা রাখার পর। অ্যারোনেটিক্যাল ও স্পেস টেকনোলজি—এ দুয়ের সমম্বয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। মূলত: পৃথিবীর বায়ুমণ্ডলে উড়ন্ত যানবাহনকে নিয়ে আমাদের পড়ালেখা। আকাশে পাখা মেলে ইয়া বড় যানবাহন দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে। এ ছাড়া মহাকাশের কক্ষপথে ঘুরে বেড়ানো রকেট, স্পেস-শাটল নিয়ে আদ্যপ্রান্ত জানার আগ্রহ নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছি। টানা পড়াশোনার ফাঁকে একটু স্বস্তি পাওয়ার জন্য ইচ্ছা হয় বাংলা মায়ের কোলে ছুটে যাই। তাই এবার গ্রীষ্মের ছুটি বাংলাদেশে কাটাব।’