'তুমি কি মুসলিম?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা আটকে রেখেছিলেন অভিবাসন কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে তাঁরা প্রশ্ন ছোড়েন, ‘তুমি কি মুসলিম?’ মোহাম্মদ আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি আজ শনিবার এ খবর জানিয়েছে।

৪৪ বছর বয়সী মোহাম্মদ আলী জুনিয়র যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন পাসপোর্টধারী।

খবরে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী খলিলাহ কামাচো আলী, ছেলে মোহাম্মদ আলী জুনিয়র এবং আলী জুনিয়রের বন্ধু ও আইনজীবী ক্রিস মানচিনি জ্যামাইকা থেকে ফ্লোরিডার ফোর্ট লরেডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আইনজীবী মানচিনি পরে গণমাধ্যমকে বলেন, আরবি নাম দেখে মোহাম্মদ আলীর স্ত্রী ও ছেলেকে অভিবাসন কর্মকর্তারা আটকান। স্বামীর সঙ্গে ছবি দেখিয়ে খলিলাহ কামাচো আলী ছাড়া পান। তবে আলী জুনিয়র তেমন ছবি দেখাতে না পারায় তাঁকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বিমানবন্দরের কর্মকর্তারা তাঁকে বারবার প্রশ্ন করেন, ‘তোমার নামটা কোত্থেকে পেলে?’ ‘তুমি কি মুসলিম?’ উত্তরে আলী জুনিয়র বলেন, বাবার মতো তিনিও মুসলমান। তখন কর্মকর্তারা তাঁকে আরও প্রশ্ন করতে থাকেন।

ক্রিস মানচিনি ‘কুরিয়ার’ জার্নালকে বলেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারই প্রতিফলন দেখা গেছে আলীর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায়।

আইনজীবী মানচিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কতজন মানুষের সঙ্গে এমনটা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে আলী পরিবার। এ ধরনের হয়রানি বন্ধে আদালতে আবেদন করার চিন্তাভাবনা করছেন তাঁরা।

এ ঘটনার বিষয়ে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংবাদমাধ্যম যোগাযোগ করলেও তারা কোনো উত্তর দেয়নি।

বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে গত বছরের ৩ জুন পারকিনসনস রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনবারের হেভিওয়েট টাইটেলধারী আলী নাগরিক অধিকারের দাবিতেও সোচ্চার ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সাত মেয়ে ও দুই ছেলের বাবা।