মধ্যপ্রাচ্যে 'সেরা' শান্তিচুক্তির অঙ্গীকার ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ‘সেরা’ শান্তিচুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কঠোর চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে প্রথম বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৈঠক শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, শান্তিচুক্তির জন্য ফিলিস্তিন ও ইসরায়েল উভয় পক্ষকে অবশ্যই সরাসরি সমঝোতায় আসতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নতুন ইহুদি বসতি স্থাপন কার্যক্রম থেকে কিছুটা হলেও ক্ষান্ত হতে তিনি নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন।

ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দুটি পৃথক রাষ্ট্র গঠনের প্রতি তাঁর প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘উভয় পক্ষ যেটা পছন্দ করবে আমি সেটাই চাই। তারা যেটা পছন্দ করবে আমি তাতেই খুব খুশি। আমি কিছু সময়ের জন্য হলেও ভেবেছি যে দুই রাষ্ট্র (সমাধান) উভয়ের জন্য সহজতর হতে পারে।’

এ বৈঠকের আগে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধ সমাধানে মার্কিন নীতিতে হোয়াইট হাউস বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের নীতি দুই-রাষ্ট্র সমাধান থেকে সরে আসতে পারে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় আর কোনো শর্ত বা উপায় বাতলে দিতে চায় না; বরং আশা করে, দুই দেশ নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাবে। তিনি বলেন, দুই-রাষ্ট্র সমাধান শান্তি আনতে পারছে না। শান্তিই কাম্য। তা দুই-রাষ্ট্র সমাধানের মাধ্যমে আসুক বা ভিন্ন কোনো উপায়ে, দুই পক্ষ একমত হলেই হলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁরও আগের রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসন বরাবরই দুই-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছিল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপনের নিন্দা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিছুদিন আগে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তখনকার বিদায়ী ওবামা প্রশাসন তাতে বাধা দেয়নি।

তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই ইসরায়েলের প্রতি বাড়তি সহানুভূতি দেখিয়ে আসছিলেন। তাঁর সময়ে ইসরায়েল বিতর্কিত বসতি নির্মাণের কাজও আবার শুরু করতে পারবে বলে আশা করছে।

হোয়াইট হাউসের নীতি পরিবর্তনের আভাসে হতাশা ব্যক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী পরিষদের সদস্য হাসান আশরাওয়ি বলেন, ‘এর কোনো মানে হয় না। এটা কোনোভাবে যৌক্তিক নীতি হতে পারে না।’