পৃথক দুটি রাষ্ট্র গড়ে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তি করা হবে—ওয়াশিংটনের বহু বছরের এই নীতিকে পাশ কাটানোর সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রয়োজনে তিনি একক রাষ্ট্রের নীতিতে ফিরবেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানের সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক পথে সমাধানের ‘কোনো বিকল্প নেই’।
ট্রাম্প গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘অবিচ্ছেদ্য’ সম্পর্কের গুণগান করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিরুদ্ধে মন্তব্য করেন। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র হয়তো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন তুলে নেবে। ট্রাম্প অবশ্য বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েল—দুই পক্ষকেই আপস করতে হবে। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপায় এবং একক রাষ্ট্রভিত্তিক উপায়ের ব্যাপারে ভেবে দেখছেন। দুই পক্ষের পছন্দের ভিত্তিতেই সমাধান বের করতে হবে।
ট্রাম্পের ওই মন্তব্যের পর গুতেরেস দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য সব রকমের ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার বলেছেন, তিনি ‘সারগর্ভ’ বিষয়ের দিকে মনোযোগ দিতে চান, ‘আরোপিত’ কোনো কিছুর প্রতি নয়। ফিলিস্তিনিদের অবশ৵ই একটি ইহুদি রাষ্ট্রকে স্বীকার করে নিতে হবে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছেন।
ট্রাম্প গত মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃপক্ষ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে হাজারো নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।
ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল সরকার হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার আশা করছে। ওবামা প্রশাসনের সঙ্গে আট বছর ইসরায়েলের দূরত্ব বেড়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের অঙ্গীকার করেছেন। বুধবার তিনি বলেন, তিনি সে রকমই দেখতে চাইবেন। জোরালোভাবে সেই চেষ্টা করবেন।
তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতকাল বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র অবশ্যই দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। তবে একই সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে নতুন পথের কথা চিন্তা করছে। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর নিকি হ্যালি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবশ্যই দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে, তবে আমরা ব্যতিক্রমধর্মী চিন্তাও করছি।’