'দেশ রক্ষায় যথেষ্ট প্রস্তুত নয় ব্রিটিশ সশস্ত্র বাহিনী'
এই মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা হলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর তা মোকাবিলা করার মতো যথেষ্ট সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক শীর্ষ সেনা কর্মকর্তা।
যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক প্রধান জেনারেল রিচার্ড ব্যারনস বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যা ও সুযোগ-সুবিধা আর্থিক সাশ্রয়ের জন্য অনেকখানি কাটছাঁট করার ফলে তাদের শক্তি খর্ব হয়েছে এবং হামলার প্রতিরোধ সক্ষমতা কমে গেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের কাছে লেখা ১০ পাতার মেমোতে রিচার্ড ব্যারনস বলেন, রাষ্ট্রকে প্রচলিত ধরনের হামলা থেকে রক্ষা করার জন্য কোনো পরিকল্পনা নেই সরকারের। যে প্রতিরক্ষাব্যবস্থা আছে তা রাশিয়ার সাঁড়াশি বিমান হামলায় গুঁড়িয়ে যাবে।
যুক্তরাজ্যের পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস ওই ব্যক্তিগত মেমোটির কপি পেয়েছে। এতে এপ্রিলে অবসর নেওয়া সাবেক জেনারেল রিচার্ড ব্যারন প্রতিরক্ষামন্ত্রীর কাছে লিখেছেন, সবগুলো প্রধান সশস্ত্র বাহিনীর সক্ষমতা পরিকল্পনামাফিক কমিয়ে ফেলা হয়েছে।
গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে হিসাবে আগামী এক দশকে প্রতিরক্ষা খাতে ১৭৮ বিলিয়ন পাউন্ড ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
২০১০ সাল থেকে বাজেটঘাটতি মেটানোর জন্য প্রতিরক্ষা খাতে বাজেট কমানো শুরু হয় যুক্তরাজ্যে। এর ফলে সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ছয় ভাগের এক ভাগ কমানো হতে পারে। পাশাপাশি বেসামরিক কর্মীর সংখ্যাও ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের।