'দেশ স্বাধীন হওয়ার পরও আমরা যুদ্ধ করেছি'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের পর দেশব্যাপী ‘সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদ’ গঠন শুরু হয়। রাজবাড়ী জেলার পাংশা থানায় এই কমিটি গঠন করা হয় ১৯৭১ সালের এপ্রিল মাসে। আবদুল হাইকে প্রধান করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন আনোয়ার জাহিদ বজলু। তিনি তখন পাংশা জর্জ হাই স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন। মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ বজলুর সঙ্গে কথা বলে তাঁর যুদ্ধের সময়ের নানা স্মৃতি-বিস্মৃতির কথা নিয়ে লিখেছেন তোফাজ্জল লিটন
আনোয়ার জাহিদ আমেরিকায় আসেন ১৯৯১ সালে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। তিনি ও তাঁর স্ত্রী মমতাজ বেগম বিউটি সানফ্লাওয়ার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাদের দুই সন্তান ডাক্তার সারওয়ার জাহান ও মাহদী মাহমুদ। নিউইয়র্কের কর্মব্যস্ত দিনে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিলেন আনোয়ার জাহিদ। বারবার যেন তিনি ফিরে যাচ্ছিলেন সোনালি একাত্তরে।
স্মৃতি হাতড়ে আনোয়ার জাহিদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর দেশের অন্যান্য এলাকার ন্যায় পাংশায়ও সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়। মুক্তিযুদ্ধে যোগ দিতে প্রশিক্ষণ নিতে অনেকে যোগাযোগ শুরু করেন। এপ্রিলের শেষ দিকে প্রতি রাতে আমরা পাংশা কলেজ মাঠে যুদ্ধের প্রশক্ষিণ নিতাম। আবদুল মতিন, জিল্লুল হাকিম ও নাসিরুল হক সাবু, আমিসহ অনেকে তখন এক মাসের প্রশিক্ষণ নিয়েছিলাম। আমরা এখানে টু-টু বোর, থ্রি নট থ্রিসহ বেশ কিছু রাইফেল চালাতে শিখেছি। তির-ধনুক চালানো ও তা কর্মকার দিয়ে বানানোর দায়িত্বও ছিল আমাদের। তীরের মাথায় এক ধরনের শক্তিশালী বিষ ব্যবহার করা হতো। এখানের প্রশিক্ষণ শেষে জিল্লুল হাকিমের নেতৃত্বে সাতজনের একটি অগ্রবর্তী দল প্রশিক্ষণের জন্য ভারত চলে যান।
সম্মুখ যুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে বজলু বলেন, জুনের প্রথম দিকে খবর এল পাকিস্তানি সেনাবাহিনী যশোর থেকে কুষ্টিয়া দখল করতে আসছে। আমরা কুমারখালী, পাংশা, রাজবাড়ী এবং গোয়ালন্দের মুক্তিযোদ্ধারাও কুষ্টিয়া অভিমুখে রওনা দিই। চার-পাঁচদিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন এ বি এম নূরুল ইসলাম, মুসলে উদ্দিন মৃধা, চেয়ারম্যান নূরুল ইসলাম ও ডাক্তার আসজাদ। এই যুদ্ধে আমরা পরাজিত হই। পরাজয়ের চেয়েও আমরা বেশি বিমর্ষ হই যখন দেখি আমাদের নেতা এ বি এম নূরুল ইসলাম ও ডাক্তার আসজাদ পাকিস্তানিদের আনুগত্য স্বীকার করে নেন। এই খারাপ লাগার পরও আমি উদ্দীপ্ত হই যুদ্ধে সর্বসাধারণের অংশগ্রহণ দেখে। এই সময়ে আমাদের খাদ্য আসত আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে। খাবার সংগ্রহ করা হতো ঐক্য পরিষদের নেতৃত্বে। খাবার সংগ্রহ করে ট্রেনে তুলে দিত সেই এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। আবার ট্রেন যখন যুদ্ধের এলাকায় আসত তখন এই এলাকার ছাত্রছাত্রীরা তা নামিয়ে আমাদের মধ্যে বণ্টন করত। দেশের প্রতি তাদের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। যুদ্ধে যাওয়ার প্রেরণা দিয়েছে।
আনোয়ার জাহিদ চার-পাঁচটি সম্মুখ যুদ্ধে অংশ নেন। এর মধ্যে একটি দৃশ্য চোখ বন্ধ করলেই তাঁর চোখে ভেসে উঠে। বললেন, ‘জয়কৃষ্ণপুর গ্রামের একটি বিলের দ্বীপের মতো একটি জায়গায় আমরা প্রায় ৫০০ মুক্তিযোদ্ধা আত্মগোপন করে আছি। খবরটি পাকিস্তানি বাহিনী জেনে রওনা হয়েছে আমাদের আক্রমণ করতে। আমি দূরবিন দিয়ে দেখছি, উন্নত অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সাঁজোয়া বাহিনী এগিয়ে আসছে আমাদের দিকে। আকাশে তাদের যুদ্ধ বিমান। তাদের এত কিছুর বিপরীতে আমাদের আছে কিছু রাইফেল। দ্বীপে ঢোকার রাস্তায় কিছু মাইন পোঁতা। সবাই জানে মৃত্যু নিশ্চিত। তবে কারও চোখে-মুখে ভয়ের কোনো চিহ্ন নেই। দেশের জন্য শহীদ হতে পারছি এও যেন এক রকমের শান্তি। এমন সময় আমাদের একজনের রাইফেল থেকে ভুলে গুলি বের হয়ে গেল, শব্দ হলো। আমরা ভাবলাম আর রক্ষা নাই। কিন্তু আমরা দেখলাম সাঁজোয়া বাহিনী ফিরে যাচ্ছে। ওরা ভেবেছে, আমরা খুব শক্তিশালী। এ জন্য আগে ফায়ার করে তাদের যুদ্ধের আহ্বান জানাচ্ছি।’
আনোয়ার জাহিদ বলেন, ‘১৩ ডিসেম্বর পাংশা মুক্ত হলে পরে ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হুদা এসেছিলেন। কিন্তু যুদ্ধের সময় সেক্টর কমান্ডার মেজর জলিলের সঙ্গে আমাদের কখনো দেখা হয়নি। আমাদের সব সময় নেতৃত্ব দিয়েছিলেন জেলার নেতা জিল্লুল হাকিম। তিনি এখন পাংশা এলাকার সাংসদ। সারা দেশ স্বাধীন হয়েছে ১৬ ডিসেম্বর, কিন্তু রাজবাড়ী স্বাধীন হয়েছে ১৮ ডিসেম্বর। দেশ স্বাধীন হওয়ার পরও রাজবাড়ীর লোকশেড অঞ্চলের বিহারিরা আমাদের দুজন যোদ্ধার মাথা কেটে নিয়ে যায়। শুধু শরীরটা মসজিদের সামনে রেখে যায়। লোকশেড এলাকায় রেলগাড়ি মেরামতের কাজ করা হতো। এটি ছিল বিহারিদের এলাকা। এ ঘটনার পর আমরা দুই দিন যুদ্ধ করে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করি। এই যুদ্ধে আমাদের পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।’