'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নিয়ে প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক আয়োজন ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশে’র ৪৮ বছর পূর্তি নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রিবিউট টু জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শংকর অ্যান্ড আদার ফ্রেন্ডস’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ফ্রেন্ডস অব ফ্রিডম নামে একটি সংগঠন।
১ আগস্ট জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকের মাসের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ওপর নির্মিত ১৪ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কনসার্টে জর্জ হ্যারিসনের গাওয়া কালজয়ী গান ‘বাংলাদেশ... বাংলাদেশ...’ গেয়ে শোনায় কিশোর শিল্পী ফারদিন মাহি। কবি ধীমান নাথের করা বাংলাদেশ গানটির ভাবানুবাদ আবৃত্তি করেন মোহাম্মদ আলী বাবুল।
ফ্রেন্ডস অব ফ্রিডমের অন্যতম সমন্বয়ক ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
কনসার্ট ফর বাংলাদেশের প্রত্যক্ষদর্শী কাজি সাহিদ হাসান ও ওই সময়ে নিউইয়র্কে বাংলাদেশের হয়ে কাজ করা প্রবীর রায় স্মৃতিচারণ করেন। আরও বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ ও শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর।
ফ্রেন্ডস অব ফ্রিডমের সমন্বয়ক, লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। সেতার পরিবেশন করেন কনসার্ট ফর বাংলাদেশে সরোদ বাজানো ওস্তাদ আলী আকবর খানের নাতি মোর্শেদ খান অপু। এ সময় তবলায় সহায়তা করেন তপন মোদক।
অনুষ্ঠানে আগামী প্রজন্মের প্রতিনিধি হিসেবে কথা বলে মাইশা, নুসরাত, সাফোয়ান ও অপর্ণা। পুরো আয়োজনে সর্বাত্মক সহায়তা দিয়েছেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা আশরাফুন নাহার লিউজা।
অনুষ্ঠানে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ওপরে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন শামীম আল আমিন।
এমন উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশি বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসামান্য একটি উদ্যোগের নাম ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এটি বাংলাদেশের ইতিহাসের গৌরবজনক একটি অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিশ্বের বিবেকবান অনেক মানুষই পাশে এসে দাঁড়িয়েছিল। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সেই কনসার্টকে ঘিরে ভিন্ন কিছু করা যায় কিনা, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ‘বিশ্বের শ্রেষ্ঠ সংগীত তারকারা যখন কনসার্টটি করলেন, তখন গোটা বিশ্ব আরও ভালো করে জেনেছিল, বাংলাদেশে কী নিষ্ঠুর হত্যাযজ্ঞ হয়েছে। যার ফলে বিশ্ব জনমত গড়ে উঠেছিল আরও প্রবলভাবে। বাংলাদেশ এখন আগের সেই অবস্থায় নেই, আমাদের দেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’
আয়োজকদের পক্ষে ফেরদৌস খন্দকার বলেন, ‘বিদেশি বন্ধুদের স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসকে নিয়ে যেতে পারি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে।’
আয়োজনের উদ্যোক্তা শামীম আল আমিন বলেন, কেবল কনসার্ট ফর বাংলাদেশে অংশ নেওয়া শিল্পীদের জন্যই নয়। ভবিষ্যতে মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী অন্য বিদেশি বন্ধুদেরও স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে ফ্রেন্ডস অব ফ্রিডম।
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের বিখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত কনসার্টটির প্রধান উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শংকর। সেখানে যোগ দিয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো স্টারসহ অনেকেই। রবি শংকরের সঙ্গে উপমহাদেশের কিংবদন্তি সরোদবাদক আলি আকবর খানও ছিলেন অগ্রভাগে। তবলায় ছিলেন আল্লা রাখা আর তানপুরায় কমলা চক্রবর্তী। কনসার্ট থেকে পাওয়া অর্থ পরে ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের সাহায্যার্থে ব্যবহৃত হয়।