'ধন্য ধন্য বলি তারে'
সবে মাস্টার্স পরীক্ষা শেষ করেছি। রেজাল্ট তখনো বের হয়নি। আমার এক শিক্ষক চাকরির জন্য পাঠিয়েছেন দেশসেরা পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে। আমি সম্পাদক সাহেবের রুমে বসে আছি। সম্পাদক সাহেব ছোট ছোট নানা প্রশ্ন করছেন। একপর্যায়ে তিনি বললেন, ‘তোমার রেজাল্ট কি?’ জবাবে বললাম, ‘স্যার, মাস্টার্স দিয়েছি। ফার্স্ট হব।’ কথা শুনে তিনি একটু স্মিত হাসি হাসলেন। প্রথমে শুধরে দিয়ে বললেন, ‘স্যার না, ভাই।’ এরপর প্রশ্ন করলেন, ‘তুমি কি করে জান ফার্স্ট হবে?’ একটু সময় নিয়ে জানালাম, ‘চেষ্টা করেছি। পরীক্ষা ভালো হয়েছে। ফার্স্ট হতেও পারি।’ এ কথা শুনে মতি ভাই আমাকে নিয়ে গেলেন চিফ রিপোর্টার প্রণব সাহার কাছে, বললেন, ‘প্রণব, এই ছেলেকে কাজে লাগাও। ও বলেছে, মাস্টার্স পরীক্ষায় ফার্স্ট হবে। চাকরি কনফার্ম হবে, যদি সে সত্যিই ফার্স্ট হয়।’ বলে তিনি আর দাঁড়ালেন না। সেই ক্ষণটি থেকেই প্রথম আলোর সঙ্গে বাঁধা পড়ে গেলাম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চাকরিটাও হয়েছিল পাকাপোক্ত।
প্রিয় পত্রিকা প্রথম আলো আসলে একটি আলোকবর্তিকা। আর সম্পাদক মতিউর রহমান আলোয় ভরা সেই পথ দেখিয়ে নিয়ে যাওয়া একজন নেতা, যার মধ্যে চমকে ভরা। যেকোনো ভালোর সঙ্গে তিনি যুক্ত হতে চান। বিষয়টি তিনি ছড়িয়ে দেন সহকর্মীদের মধ্যেও। তাই প্রথম আলোতে কেউ বসে থাকে না। অনেক কিছু শিখেছি সেখানে। মতিউর রহমান আমার অসাধারণ এক শিক্ষক।
একসময় পত্রিকাটি বলা শুরু করল, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’। এই কথা বলেই থেমে থাকল না। একের পর এক সাড়া জাগানো রিপোর্ট দিয়ে অনেকের চোখ খুলে দিল। সঙ্গে সামাজিক নানা দায়বদ্ধতার উজ্জ্বল সাক্ষর রেখে চলল। অ্যাসিড দগ্ধদের জন্য তহবিল গঠন, মাদকের বিরুদ্ধে লড়াই, শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, ভাষা মেলা, মেরিল প্রথম আলো পুরস্কার, সেরা বই, বর্ষসেরা ক্রীড়াবিদ; আরও কত কি! অন্য অনেকের মতোই এসব কাজের অনেকগুলোর সঙ্গেই যুক্ত হয়েছিলাম আমিও।
কয়েকটি উদাহরণ দিই। পুরান ঢাকা ব্যবসায় বাণিজ্যের দিক থেকে এগিয়ে থাকলেও, শিক্ষা ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। সেখানকার শিক্ষার্থীদের প্রথম আলোর সঙ্গে যুক্ত করতে চান সম্পাদক। শিক্ষায়, মননে নানাভাবে এগিয়ে দিতে চান। বেশ কিছু উদ্যোগও নিয়েছিলেন তিনি। প্রথম আলো পুরান ঢাকা বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে কাজ করেছিলাম। তাই জানি, কতটা মমতা ঢাকার সেই অংশের মানুষের জন্য জমা রেখেছেন মতিউর রহমান।
আমরা পত্রিকার মাস্ট হেডের ওপরে লিখতাম, ‘শুক্রবারের প্রথম আলো’। মতি ভাই একদিন মিটিংয়ের জানতে চাইলেন, এই যে শুক্রবারের প্রথম আলো আমরা লিখি, কিন্তু সেই দিনে এমনকি আলাদা করি? কেন লিখি শুক্রবারের প্রথম আলো?’ এমন প্রশ্নে, একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করছি রিপোর্টাররা। কোনো উত্তর নেই। তিনি বললেন, ‘শুক্রবার আলাদা কি করা যায়?’ প্রস্তাব এল, শুক্রবার যা কিছুই ঘটুক, লিড নিউজটা হবে পজিটিভ কিছু একটা। দেশের এগিয়ে যাওয়ার কথা। প্রস্তাব পছন্দ হলো মতি ভাইয়ের। তিনি চালু করলেন, ‘শুক্রবারের বিশেষ প্রতিবেদন।’ পরে অবশ্য এর নাম হয়, ‘শনিবারের বিশেষ প্রতিবেদন।’ এমন অনেকগুলো প্রতিবেদন তৈরির সুযোগ হয়েছিল আমার।
‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ চলতে শুরু করে এখনো ’ভালোর সাথে, আলোর পথে’ই তার যাত্রা অব্যাহত রেখেছে। আমিও কোনো না কোনোভাবে প্রথম আলোর সঙ্গে সব সময় যুক্ত থেকেছি। তবে সেই যোগসূত্রটা আরও প্রগাঢ় হলো, যখন প্রিয় পত্রিকা প্রকাশ করল উত্তর আমেরিকা সংস্করণ। বিশ্বায়নের এই যুগে, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ এমনিতেই অনলাইনে প্রথম আলো পড়ে। কিন্তু যখন নিউইয়র্ক থেকে পত্রিকাটি প্রকাশ হতে শুরু করে, তখন অসংখ্য প্রবাসী ভীষণ খুশি হয়েছিল। তাদের একজন আমি নিজে। কারণ, এই শহরেই আমার বসবাস। কাগজটা ছুঁয়ে দেখতে পারব, পড়তে পারব—এটাই আনন্দ। কেবল পড়ছি না, সুযোগ পেলে লিখছিও। প্রথম আলো এখন বলে, ‘সীমানা পেরিয়ে, নিজেকে ছাড়িয়ে।’
এই তো সেদিন চালু হলো, অথচ দেখতে দেখতে দুই বছর পেরিয়ে গেল প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ। এরই মধ্যে অসংখ্য প্রবাসীর অন্তর জয় করে নিয়েছে তারা। বর্ষপূর্তির শুভক্ষণে ‘ধন্য ধন্য বলি তারে।’
শামীম আল আমিন: লেখক ও সাংবাদিক।