'নক্ষত্র বিক্রির রাতে' প্রেম ও প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টপক্ষ চলছে। চারদিকে খুশির আবহাওয়া। মেলাখেলায় মাঠপ্রান্তর ভিড়াক্কার। জনতার কোলাহলে বিদায়ী ও আগত বছরের পদধ্বনির যুগলবন্দী। বড় আনন্দের আবহ চারদিকে। অথচ দিনগত পাপক্ষয়ের শুনানিও চলছে। হিসাবনিকাশের এই সন্ধিকালে হাতে এল একটি কবিতাগ্রন্থের পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য সচরাচর ঘটে না। তবু এমন একটি উপহার যেন সান্তা ক্লজের টুপির ভেতর থেকে আমার শীতবস্ত্রে লুকোনো হাতের পাতায় পেলব স্পর্শে ধরা দিল। বাংলা ভাষার এই শক্তিশালী কবির কিছু কিছু কবিতা পড়ার অভিজ্ঞতা হয়েছিল একটি অনলাইন পত্রিকাসহ ‘দেশ’ পত্রিকায়। তাঁরই লেখা আস্ত একটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি পেয়ে আহ্লাদিত হলাম। আহ্লাদের কারণ কবির নাম ফকির ইলিয়াস। কবিতার বইয়েরর পাণ্ডুলিপিটির নাম ‘নক্ষত্র বিক্রির রাতে’। আহা, এমন মনোহর নাম কত দিন শুনি না!
ফকির ইলিয়াস নিভৃতে বসে অক্ষরসাধনা করেন। প্রকৃতি তাঁর মেন্টর। বিশ্বচরাচর তাঁর সাধনক্ষেত্র। চিদসংবেদ তাঁর আরাধ্য দেবতা। জীবনপ্রীতি তাঁর পূজার উপচার। এমন একজন কবির কবিতাগ্রন্থ পড়লে মন ভালো হয়ে যায়। মনখারাপের বোতামগুলি খুব সহজেই খুলে ফেলতে পারি। মনোক্ষেত্রে দীর্ঘ বর্ষার পর উজ্জ্বল রোদ ওঠে। তাতে আমাদের বিষাদবাড়ির দেয়ালে অফুরন্ত দুপুরের রোদ আসে। ঝকঝকে আকাশের মতো ভোর নেমে আসে বিষণ্ণপ্রান্তরে।
তো এমন একজন কবির কবিতা পেলে যা হয়, বহুকালের ক্ষুধার্ত মানুষের মতো গোগ্রাসে পড়তে থাকি নক্ষত্র বিক্রির প্রাকৃত হিসাবনিকাশ। পড়তে পড়তে কেমন নেশার মতো আচ্ছন্ন হয়ে যাই। সেই নেশাতুর অবসন্নতা কাটিয়ে আবার পড়ি কবিতাগুলো। নেশা হয়ে যাওয়ার কারণটা আগে বলি। ফকির ইলিয়াসের কবিতায় সরল স্বীকারোক্তিতে ধরা পড়ে আমাদের এই চেনা ধরাতলের আরও চেনা রূপ ও অপরূপগুলি। প্রেম ও প্রকৃতির মধ্যে যে চিরকালীন মাধুর্য আছে তাকে ইলিয়াস কত অনায়াসে তুলে ধরেন, মনে হয় এই সহজকে তো আমিও লিখতে পারতাম, কেন লিখি না! লিখতে গিয়ে দেখি কলম দু অক্ষরও এগোয় না। অথচ কবি এই সহজকে লেখেন না, সে যেন নিজে এসে ধরা দেয়, কিংবা ছবি হয়ে আমাদের চোখের সামনে আর একটা প্রাকৃত জগতের রূপটান নির্মাণ করে। যেমন—-
একটিবারও কি বলিনি
ঘোর কেটে গেলে এই সবুজকেই ঘিরে রাখে ভোর
আর তার বিনম্র প্রকাশ, ছায়া হয় সকল মানুষের।
তারপরেই কবি বলে উঠলেন—-
অনেক আত্মদগ্ধ জোনাকীর
জালে জালে আটকে থাকে যে রাত, তাকেও বলেছি
মুক্ত রাখো বাহু হে! আবার কোনও চন্দ্র জড়াবার
দরকার হতে পারে। যেতে হতে পারে অবিচল ঝড়ের কাছে।
[তোমার ছায়ার কাছে]
‘অবিচল ঝড়’ এমন দুর্লভ উচ্চারণ ও বিরোধাভাস আমাদের সত্তার আকাশকে নিমেষে উদ্‌ঘাটিত করে দেয়। আমরা জানি সব সংবেদনশীল মানুষের ভেতরে একটা ঝড় পোষা থাকে। আর মানুষটিকে সেই ঝড় সামাল দিয়ে বহিরঙ্গে থাকতে হয় অবিচল। এই দহনকাল থেকেই তো একজন মানুষ পরিশুদ্ধ হয়ে ওঠেন। তখনই তো প্রকৃত কবির বেদনাভাষ্য রচিত হয়। যেমন হয়েছে ‘ছায়াদের ভেতরবাড়ি’ কবিতায়। —-
জন্মের ভেতরেই ডুবে যাচ্ছে জনমের দহনপর্ব। যারা
সাঁকো পার হবার জন্য লাইনে দাঁড়িয়েছিল, তারা এখন
দেখছে একটি বিশদ মৃত্তিকা ঝুলে আছে তাদের সামনে।
একজন পুঁথিকার সেতুবন্ধন নিয়েই লিখছেন তার সর্বশেষ
পুঁথি। ট্রাফিক সিগনালের মতো লাল-হলুদ-সবুজ বাতি
জ্বালিয়ে একটি আকাশ ক্রমশ বাড়াচ্ছে পাখিদের সম্মান।

পাঠক খেয়াল করুন, প্রথম বাক্যে একই শব্দের কী বিপুল অর্থপার্থক্য গড়ে তুলে জীবনের জন্ম ও জন্মের জীবনকে দহনের মধ্যে ফেলে কবি সাঁকোর দৃশ্যে চলে গেলেন; লাইনে দাঁড়ানো মানুষগুলোর জীবনবৃত্তান্তের মূল্যায়ন করলেন; এবং কী উজ্জ্বল আবহে পাখিদের আকাশ রাঙিয়ে দিলেন, সম্মানিত করলেন। তীব্র ম্যাজিকের মতো পরপর ঘটে গেল ঘটনাগুলো। ট্রাফিক সিগনাল আকাশের রামধনু হয়ে উঠল। আর পাখিরা পেল প্রত্যাশিত সম্মান। কত সহজে ম্যাজিকান্তর ঘটে যায় কবিতাটিতে। কবিতার শেষে কবি বিশল্যকরণীরও সন্ধান করলেন এক অনাবিল ভাষাবিভঙ্গে—‘আমরাও/প্রেম চাই, বলতে বলতে নক্ষত্রশাসিত রাতগুলো সেই রমণীদের/চুলে চুলে ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির বীজবৃত্তান্ত’।

পাণ্ডুলিপির তিন নম্বর কবিতাটি সম্পূর্ণ উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না, তুলে দিলাম পাঠকের সামনে, পাঠক নিজেরাই পড়ুন আর বিচার করুন এর অপরূপ কারুণ্য সরল মাধুর্য শস্যক্ষেত্রের সৌন্দর্য আর বেদনার উপশম। আর ভাবুন কীভাবে একজন কবিই রচনা করতে পারেন প্রাকৃতিক শুশ্রূষা—-
পাতাগুলো অংকখেলা শিখছে লতার গণিতে। কয়েকটি ভোর
সূর্যকে শিখাচ্ছে নিয়মের নৈঋত। আরো কিছু আলো পেলে
নিজেরাই পোশাক বদলে নেবে। শস্যময় মাঠের শিথানে বসে
সে কথাই ভাবছে একঝাঁক পাখি।

মেঘেরা মমির সাথেই বিনিময় করছে আধুনিক মন। যারা
অনেক আগেই মৃত ঘোষিত হয়েছে, কিংবা হাড়ের উনুনে
সেরে নিয়েছে নিজস্ব রান্না-বান্না, তারাও আয়ু ভিক্ষা
চাইছে পুনরায়।

বাম হাত দিয়ে এসব ধারাবিবরণী লিখে রাখছেন
মহারাজ শীত। আর বেদনার পাখা হাতে পাশেই
দাঁড়িয়ে আছেন মাঘকন্যা। ঘাটঘেরা পুকুরের জলে
নিজের মুখ দেখছে শান্তিকামী একটি মাছরাঙা।
[মেঘাধুনিক মনগুচ্ছ]

কবি কতখানি বাকসিদ্ধ হলে এমন বাকস্ফূর্তি ঘটে—-
... ‘কয়েকটি ভোর
সূর্যকে শিখাচ্ছে নিয়মের নৈঋত। আরো কিছু আলো পেলে
নিজেরাই পোশাক বদলে নেবে। শস্যময় মাঠের শিথানে বসে
সে কথাই ভাবছে একঝাঁক পাখি।’
মনে পড়ে যাবে রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের একদম শেষের কয়েকটি দৃশ্য। অসীমের সাধক শচীশ নদীচরে বসে একা। পাখিরা চরছে তাঁর আশেপাশে। যেন শচীশও একটি প্রাকৃত অভিজ্ঞা মাত্র। এই সাধন দৃশ্যই যেন রচিত হলো ফকির ইলিয়াসের ধ্যানমগ্ন মরমিয়া উচ্চারণে—‘শস্যময় মাঠের শিথানে বসে/সেকথাই ভাবছে একঝাঁক পাখি।’

বিষাদ এই কবির প্রেরণা নয়, গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার ডিঙিনৌকো কিংবা ঘাসপথ। কবি জানেন, পথের শেষ বলে কিছু নেই। আপেক্ষিক জীবনে চলাটাই একমাত্র যাপন। তবু সেই যাপনের মধ্যেও টুকরো টুকরো বিষাদগুলি যেন অলৌকিক এক ব্যঞ্জন প্রস্তুত করে। যেমন—-
১. ... অনাথ
রাতের কোলে মাথা রেখে আবারও একটি চাঁদ, আমাদের
শোনালো পৃথিবীর শরীরে ছিটিয়ে থাকা সকল কান্নার গল্প।
[বৈঠকী বিষাদ]

২. কেউ কেউ নাম মনে রাখতে পারে, কেউ মনে রাখে নামের বেদনা।
[কেউ কেউ মনে রাখবে]

৩. ... আমরা কেবল
পাতাগুলো দেখি, নিঃশ্বাসের আড়ালে সবুজ বিষাদ দেখি না।
[হারানো দাগের দুকূলে]

৪. ... আরেকটি জন্মের ভেতর
ঘুমিয়ে পড়ুক আমার পূর্বজনমের বিভিন্ন বরফ।
[বাষ্পভস্ম]

৫. কোনো মৃত্যুই জীবনের কাম্য নয়। কোনো বিদায়কেই স্বাগত জানায় না সূর্যের দ্যুতি।
তারপরও বিকেল নামে। সন্ধে! রাত! আহা রাতের কামার! হাতে নির্মিত চুলোয়
লৌহখণ্ড দিয়ে ছুরি বানাতে বানাতে ভাবে, একদিন পৃথিবীর সকল বরফ কাটা হবে
এই ছুরিতে, অথবা সকল বেদনার বৃক্ষ কাটতে কাটতে মানুষ রেখে যাবে প্রেম, প্রণয়—
একটি জারুল গাছের নীচে জেগে থাকবে যে এপিটাফ, শুধু তার দিকেই তাকাবে
আরও একটি বৃহস্পতিবার।
[মৃত্যুর শহরে গেলে নদীও কবি হয়ে যায়]

৬. রাত দিয়ে ঢেকে আসতে আসতে, যাপন করেছি
মৃত চন্দ্রসন্তানদের অন্ত্যেষ্টিক্রিয়া, হলুদ মধ্যসমুদ্রে।

অনেক পথ হেঁটেছি আমি। এবং এই পথের কিনারে
দাঁড়িয়েই একদিন সাজিয়েছি কবিতার জলজ অগ্নিসূচি।

[সড়কের ভেতর লুকিয়ে থাকে যে পথ]

ফকির ইলিয়াস জানেন, আমাদের নিত্যকার যাপনের ভেতরে আছে অসংখ্য দুঃখের কণা। তার মূল্যায়ন কবি করেন বিচারকের আসন ত্যাগ করে পথের ধূলায় নেমে কিংবা সাগরের কিনারে দাঁড়িয়ে। তাঁর পর্যবেক্ষণে ধরা পড়ে প্রাচীন মহাকাব্যের অনুষঙ্গে একালের জমাট বাঁধা অন্ধকার—-

পৃথিবী একদিন দাঁড়িয়েছিল সকল বিষণ্ন দাগের উপর। মোটা
এবং সরু কক্ষপথগুলো নিরিখ করেছিল কালের পাঁজর। মূলত
মানুষের মন বলতে কিছুই নেই—
জেনে সমুদ্র তার আঁচল বিষিয়ে দিয়েছিল পাথরের মনে মনে।
পাথর, প্রথম ভাসতে শিখেছিল সেদিনই। আর মানুষ ভাসার
কৃতিত্ব ভুলে গিয়ে ক্রমশ রপ্ত করতে শিখেছিল অন্ধকারে বাস।

[মূলত মানুষের মন]

জীবনের এই করুণ নিষ্ঠুর সত্যকে উপলব্ধি করেও কবি আস্থাবান থাকেন জীবনের চলমানতায়—-

... সূর্যের পদদৃশ্য
দেখে তারপরও ভোর, সাজায় তার প্রাত্যহিক সংসার।
কেউ কেউ সংসার ছেড়ে কেবলই হারিয়ে যায়
অন্য কোনও ঝড়ের গহীনে।
এই প্রত্যাশাটুকু আছে বলেই কবি আবার নৌকাজীবন শুরু করেন—-
আমি এখনও সেই নিখোঁজ নক্ষত্রের সন্ধান করি।
এখনও শঙ্খরহস্য ভেদ করে আমি ধ্বনি হয়ে যাই।
আমি শব্দ হয়ে যাই।
জানি, যদি আর কিছুই রেখে না যাই—
আমার অক্ষরের ছায়ায় দাঁড়িয়ে এই নদীগুলো
প্রাণভরে কাঁদবে। তুমি সেই নদীতেই,
নৌকোজীবন কাটাতে কাটাতে শুনবে ধ্যানী মাঝির গান।
[যদি কিছু রেখে না যাই]

এমনই নরম সহজ অথচ অন্তঃস্থলভেদী ফকির ইলিয়াসের কবিতা। অদীক্ষিত পাঠকও অনায়াসে তাঁর কবিতা আস্বাদন করতে পারেন। আরোপিত জটিলতা, দুরূহতা কিংবা অতিচেতনার নাম করে যে অতিচালাকি বর্তমান কবিতাকে পাঠবিমুখ করে তোলে সেই সব নাগরিক জরাব্যাধি তাঁর কবিতায় নেই। বরং এ কবিতা পড়লে পাঠকের এমনিতেই মন ভালো হয়ে যাবে। কারণ কবির ব্যবহৃত শব্দগুলোর ভেতর থেকে একটি অশ্রুত সংগীতের মায়াসুর পাঠককে গ্রস্ত করে ফেলে। এরপর পাঠক যদি এই কবিতাগুলি একাধিকবার পাঠ করেন তো কবিতার ভেতরমহলের ভাবাবেশ তাকে জপতপ মন্ত্রহীন এক সহজ দর্শনের দরজার সামনে দাঁড় করিয়ে দেবে। তখন পাঠকের ফিরে আসা কঠিনতর হয়ে পড়বে। পাঠক যে চিকিৎসা পাবেন তা হয়ে উঠবে উত্তর আধুনিক কালপর্বের পোয়েট্রি থেরাপি। এই থেরাপি পাঠককে নৌঅভিযাত্রী বানিয়ে ধ্যানী মাঝির গান শোনাতে শোনাতে নিয়ে যাবে মাধুর্যনগরে। সেখানে কেবলই প্রশান্তি। এই অশান্ত বিশ্রান্ত কালের ক্ষতবিক্ষত প্রাণে নতুন গীতাঞ্জলি লিখে যে আত্মার আরামভূমি রচনা করলেন কবি তার জন্য পাঠকেরই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত।