'নট মাই প্রেসিডেন্ট ডে' অভিনব প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্মদিন ২২ ফেব্রুয়ারি। এ দিনটি সামনে রেখে প্রতিবছর এর কাছাকাছি সোমবার ‘প্রেসিডেন্ট ডে’ পালন করে থাকে মার্কিন জনগণ। এ দিনটিতে যুক্তরাষ্ট্রের প্রয়াত, জীবিত ও বর্তমান প্রেসিডেন্টের প্রতি সে দেশের নাগরিকেরা শ্রদ্ধা ও ভালোবাসা জানায়। তবে এবার যুক্তরাষ্ট্রে ভিন্ন মাত্রায় দিবসটি পালন করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করে ‘নট মাই প্রেসিডেন্ট ডে’ পালন করেছে ক্ষুব্ধ জনগণ।
রাজধানী ওয়াশিংটন থেকে শুরু করে অন্তত ২৫টি বড় নগরীতে স্থানীয় সময় গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। হোয়াইট হাউসের কাছাকাছি সমবেত হওয়া বিক্ষোভকারীদের হাতে ছিল ট্রাম্পবিরোধী নানা পোস্টার। বহু বর্ণ, ধর্মের সম্মিলনে গড়ে ওঠা আমেরিকায় আজ বিভেদ উসকে দেওয়া হচ্ছে—এমন ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্টদের প্রতি ভালোবাসা জানানোর দিনে অভিনব প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা।
অন্যান্যবার প্রেসিডেন্ট দিবসটি উৎসব আমেজে পালন করা হয়েছে। কেনাকাটায় বড় ধরনের মূল্যছাড় দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দেয়। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার বড় বড় নগরী থেকে ভালোবাসা নয়, প্রেসিডেন্ট দিবসে ক্ষোভের কথা জানিয়েছে প্রতিবাদী লোকজন। নিউইয়র্ক থেকে শিকাগো, আটলান্টা, ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলেস নগরীতে বড় বড় সমাবেশ হয়েছে। এসব সমাবেশে লোকজনকে ‘নট মাই প্রেসিডেন্ট ডে’ ব্যানার নিয়ে যোগ দিতে দেখা যায়। লোকজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বর্ণবাদী’ বলে স্লোগান দিতে থাকে। সীমান্তে দেয়াল নির্মাণ নয়, ভালোবাসার বন্ধন দৃঢ় হোক—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশগুলো।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের শহর নিউইয়র্কেও টানা প্রতিবাদ চলছে। ‘আমিও মুসলিম’ সমাবেশের পর সোমবার ‘নট মাই প্রেসিডেন্ট’ প্রতিবাদ সমাবেশে সব বর্ণ ও ধর্মের লোকজনকে ব্যাপকভাবে যোগ দিতে দেখা যায়। শীতের দিনেও গতকালের আবহাওয়া ছিল চমৎকার। ছুটির দিনটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে লোকজন।