'নাইট ক্লাবটিতে কয়েকবার গিয়েছেন হামলাকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর মতিন
ওমর মতিন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিন এই ক্লাবে একাধিকবার গেছেন। সমকামীদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি সমকামীদের বিভিন্ন অ্যাপও ব্যবহার করতেন। ওই ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এমনটা দাবি করেছেন। যদিও তাঁদের এসব দাবির সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনকে (২৯) প্রায়ই দেখা যেত ওই ক্লাবে এক কোনায় বসে পান করছেন। কখনো চিৎকার করছেন, কখনো বা বাগ্বিতণ্ডায় জড়াচ্ছেন।
পালস নামের ওই নাইটক্লাবে কলাকুশলী হিসেবে কাজ করা ক্রিস ক্যালেন দাবি করেছেন, তিনি অনেকবার হামলাকারী ব্যক্তিকে ক্লাবটিতে দেখেছেন। তাঁর অনুমান, তিনি তিন বছর ধরে মাসে দুবার করে সেখানে গেছেন।
ওই ক্লাবে নিয়মিত যাতায়াত করা টি স্মিথ নামের একজন বলেন, তিনি অন্তত ১২ বার ওমর মতিনকে ক্লাবে দেখেছেন। কখনো তাঁকে চুপচাপ বসে থাকতে দেখেছেন। কখনো দেখেছেন চিৎকার-চেঁচামেচি করতে। তিনি বলেন, ওমর মতিনের সঙ্গে তাঁর সেভাবে কথা হতো না। কিন্তু তিনি স্মরণ করতে পারেন, ওমর মতিন তাঁর বাবাকে নিয়ে প্রায়ই কথা বলতেন। তিনি বলেছিলেন, তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।
পালসে নিয়মিত যেতেন এমন আরেকজন কেভিন ওয়েস্ট বলেন, সমকামীদের একটি চ্যাট অ্যাপ থেকে প্রায় এক বছর ধরে তাঁকে বার্তা পাঠাতেন মতিন।
নাম প্রকাশ না করার শর্তে ওয়াল্ট ডিজনির একজন ব্যবস্থাপক জানান, গত এপ্রিলে ওমর মতিন ডিজনিতে গিয়েছিলেন।
এদিকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কমি বলেছেন, সংস্থা অনেকটাই নিশ্চিত যে মতিন ইন্টারনেটে উগ্রবাদীদের বিভিন্ন প্রচারে অনুপ্রাণিত হয়ে উগ্র পন্থায় ঝুঁকেছিলেন। এ ছাড়া গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলার সময় তিনি একাধিকবার ফোনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন।
গত শনিবার রাত দুইটার দিকে ওমর মতিন বন্দুক নিয়ে পালস নাইট ক্লাবটিতে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হন।