'নির্ভীক বালিকা' সরে যাবে 'উত্তেজিত ষাঁড়'কে সঙ্গে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলিং গ্রিন প্লাজার ত্রিকোণাঙ্গন থেকে ‘নির্ভীক বালিকা’ ভাস্কর্যটি সরিয়ে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে বসানো হবে। ‘নির্ভীক বালিকা’ একা যাবে না। সঙ্গে নিয়ে যাবে ‘উত্তেজিত ষাঁড়’কেও। ১৯ এপ্রিল নগর কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ভাস্কর্যের দর্শক বাড়তে থাকায় বাউলিং গ্রিন এলাকাটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সবার নিরাপত্তার স্বার্থেই ভাস্কর্য দুটি এখান থেকে সরাতে হবে। এই দুই জনপ্রিয় ভাস্কর্যের নতুন ঠিকানা হবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের চত্বর।
নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে ‘উত্তেজিত ষাঁড়ে’র সামনে দাঁড়ানো ‘নির্ভীক বালিকা’র ভাস্কর্যটি প্রথম চাক্ষুষ করেছিলাম কয়েক মাস আগে। দীর্ঘকালের আমেরিকাবাসী গল্পকার বন্ধু নসরত শাহ ছিলেন আমার সঙ্গী। এর আগে এটি স্থাপনের খবর বাংলাদেশের কাগজেও দেখেছিলাম। কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটি যে ব্যঞ্জনা দেয়, তা কি আর খবরের কাগজে প্রকাশিত ছবি থেকে অনুভব করা যায়!
২০১৭ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে লিঙ্গবৈষম্য ও করপোরেট বিশ্বের বেতন বৈষম্যের বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে ‘নির্ভীক বালিকা’ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। নারী দিবসকে সামনে রেখে ওয়াল স্ট্রিটের ‘উত্তেজিত ষাঁড়ে’র মুখোমুখি দাঁড় করানো হয় ‘নির্ভীক বালিকা’র পিতলের ভাস্কর্যটি। চার ফুট উচ্চতার ভাস্কর্যটি একটি ছোট্ট কৃষ্ণাঙ্গ মেয়ের। তার মাথায় ঝুঁটি বাঁধা চুল, পরনের ফ্রকটি বাতাসে উড়ন্ত। কোমরে হাত রেখে যেন রেগে থাকা ষাঁড়টিকে রুখতে দাঁড়িয়ে আছে সে। অল্প সময়ের মধ্যেই স্টেট স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজরসের (এসএসজিএ) আওতায় ভাস্কর ক্রিসটেন ভিসবালের নকশা করা ভাস্কর্যটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। প্রতি দিনই অসংখ্য দর্শনার্থী এ ‘নির্ভীক বালিকা’র সঙ্গে ছবি তুলতে ম্যানহাটনে ছুটে আসতে থাকেন। কথা ছিল স্থাপনের ১৮ দিন পর ২৬ মার্চ এটি সরিয়ে নেওয়া হবে। কিন্তু পর্যটকদের চাহিদা এবং বিরুদ্ধ শক্তির সামনে সাহসের প্রতীক হিসেবে পরিচিতি পেয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এটিকে তখনেই না সরানোর সিদ্ধান্ত নেয়। যেদিন সরিয়ে নেওয়ার কথা, তার পর দিন ২৭ মার্চ নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নিজেই মূর্তিটির কাছে আসেন। এর সঙ্গে ছবিও তোলেন। তখনই তিনি জানান, মূর্তিটি আপাতত সরানো হচ্ছে না। পরবর্তী মার্চ পর্যন্ত এটি এখানেই থাকছে। পর্যটকেরা চাইলে যেকোনো সময় এখানে এসে, এর সঙ্গে ছবি তুলতে পারেন।
‘ফিয়ারলেস গার্ল’-এর ভাস্কর ক্রিসটেন ভিসবাল গত বছর এক বিবৃতিতে বলেছিলেন, তিনি আশা করেন দুটি মূর্তি একই সঙ্গে থাকবে। আর তারা যেখানে আছে থাকবে সেখানেই। তিনি বলেছিলেন, ‘মূর্তির পাথর পরিবেশের সঙ্গে মিলিয়ে এমনভাবে নির্বাচন করা এবং এত পরিশ্রম করে তা বানানো যে, দেখে মনে হয় সেটি অনেক বছর ধরে সেখানে ছিল। আমরা যখন প্রথমবার এটি উন্মোচন করলাম, আমরা বুঝতে পারছিলাম না মানুষ একে কিভাবে গ্রহণ করবে। তারা এটিকে ভালোবাসবে, না ঘৃণা করবে, তা নিয়ে আমাদের দুশ্চিন্তা কাজ করছিল। আমার মনে হয় মানুষের হৃদয়ের একটি ফাঁকা জায়গা ভরাট করেছে এই মূর্তিটি।’
এই ভাস্কর্য স্থাপনকারী প্রতিষ্ঠান এসএসজিএ’র মতে, ‘নির্ভীক বালিকা’ আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যতের কথা। আমেরিকার প্রায় তিন হাজার বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে গড়ে এক-চতুর্থাংশের পরিচালনা পরিষদে নারী সদস্য নেই। সেই পরিপ্রেক্ষিতে এ মূর্তি আমাদের সচেতন করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
নিউইয়র্কের মেয়র ব্লাজিওও ভাস্কর্যটি নিয়ে ভালো ভালো কথা বলেছিলেন সেদিন। ‘এটা নিউইয়র্কবাসীর কাছে বিশেষ কিছু। মূর্তিটি ভয় ও ক্ষমতার ঊর্ধ্বে উঠে নিজের ভেতরের সঠিক শক্তি খুঁজে পেতে সহায়তা করে। যে মুহূর্তে আমাদের উদ্দীপনা প্রয়োজন, তখনই উদ্দীপনা জোগায়’ বলেছিলেন ব্লাজিও।
‘নির্ভীক বালিকা’ স্থাপন করা হয়েছিল ওয়াল স্ট্রিটের ‘উত্তেজিত ষাঁড়’ ভাস্কর্যটির সামনে। ম্যানহাটনের এই ষাঁড়ের মূর্তিটি ‘ওয়ালস্ট্রিট চার্জিং বুল’ নামে সবার কাছে পরিচিত। নসরত জানালেন, এটি এখন ‘ওয়াল স্ট্রিট আইকনে’ পরিণত হয়েছে। তা যে হয়েছে, তা অনুভব করেছিলাম এর আশপাশে অসংখ্য মানুষের ভিড় দেখে। সবারই দেখলাম ছবি তোলার আগ্রহ। একে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার ওপর মানুষের ভিড়ের কারণে ছবি তোলার জন্য মূর্তি দুটিকে ক্যামেরার ফ্রেমে ঠিকমতো পাওয়া যাচ্ছিল না!
বন্ধু নসরতের কাছে শুনে আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। গুগল ঘেঁটে জানা গেল ১৯৮৯ সালে ‘উত্তেজিত ষাঁড়ে’র এ ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। আমেরিকার শেয়ার বাজারের বিপরীতে ‘মার্কিন জনগণের শক্তি ও সামর্থ্যের’ প্রতীক হিসেবে এ মূর্তিকে বিবেচনা করা হয়। মানুষের কাছে সমাদর পায় এটি। পরে মাসখানেক আগে আরও এক দিন যাওয়া হয়েছিল প্রথম আলোর মোমেনুর রশীদ সিদ্দিকীর সঙ্গে দিনের বেলায়। কিন্তু মানুষের ভিড়ে সেদিনও মনমতো ছবি তুলতে পারিনি। কিন্তু তখন জানা ছিল না যে, শেষ পর্যন্ত এই দুই ভাস্কর্যকেই এখান থেকে সরিয়ে নেওয়া হবে।
কিন্তু ভাস্কর আর্তুরো ডি মোডিকা ‘নির্ভীক বালিকা’কে নিয়ে খুবই নাখোশ হন। বলা ভালো ‘নির্ভীক বালিকা’কে তাঁর তৈরি ‘উত্তেজিত ষাঁড়ে’র মুখোমুখি স্থাপনের কারণে খুবই অসন্তুষ্ট হন তিনি! এই ভাস্কর্যকে ‘উত্তেজিত ষাঁড়ের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য বারবার দাবি তোলেন তিনি। তাঁর মতে মূর্তিটি যে এর বিজ্ঞাপনী গিমিককে শুধু ছাড়িয়ে গেছে তাই নয়, তাঁর মূর্তিটিকেও সমৃদ্ধিসূচকতার অর্থকেও বদলে দিয়ে একটা ভিলেনের অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সরানোর ঘোষণা আসার পরেও তিনি অসন্তুষ্ট। কারণ দুটিকে নাকি নতুন ঠিকানাতেও পাশাপাশিই স্থাপন করা হবে! তাহলে তো অর্থের সেই বিচ্যুতিরই পুনরাবৃত্তি ঘটবে!