'নির্যাতন চালাতে তুর্কি সরকার নির্দেশ দিয়েছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর বন্দী লোকজনের ওপর নির্যাতন চালাতে তুর্কি কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে অলিখিত নির্দেশ দিয়েছিল’—যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল মঙ্গলবার এ অভিযোগ করেছে।
‘ক্লাইমেট অব ফিয়ার’ শীর্ষক এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, তুর্কি নিরাপত্তা বাহিনী গত জুলাইয়ে ওই অভ্যুত্থানচেষ্টার পর জরুরি অবস্থার মধ্যে লোকজনকে মারধর করেছে, ঘুমানো থেকে বঞ্চিত রেখেছে এবং যৌন হয়রানি করেছে। বেশ কয়েকজন আইনজীবী, অধিকারকর্মী, সাবেক বন্দী ও অন্যদের সাক্ষাৎকারে এসব নির্যাতনের তথ্য পেয়েছে এইচআরডব্লিউ।
তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন, বিচার মন্ত্রণালয় ওই প্রতিবেদনের জবাব দেবে। তবে আঙ্কারা ওই অভ্যুত্থানচেষ্টার পর লোকজনের ওপর নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের যুক্তি, ব্যর্থ অভ্যুত্থানের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর অভিযান প্রয়োজন ছিল।
এইচআরডব্লিউর ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের পরিচালক হিউ উইলিয়ামসন এক বিবৃতিতে বলেছেন, তুর্কি সরকার বন্দীদের ওপর ইচ্ছামতো নির্যাতনের জন্য নিরাপত্তা বাহিনীকে সুযোগ করে দিয়েছিল।