'নিষ্ঠুর' মায়ের ২০ বছর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনা তোরাবি
টিনা তোরাবি

কুইন্সের বাসিন্দা পাঁচ সন্তানের জননী টিনা তোরাবি (৩০) অবশেষে তার এক সন্তান হত্যাসহ অন্য সন্তানদের ওপর অমানুষিক নির্যাতনের সাজা পেলেন। ৯ মে নিউইয়র্কের আদালত তার বিরুদ্ধে হত্যার দায়ে ১২ বছর এবং নির্যাতনের দায়ে আরও সাড়ে আট বছর কারাদণ্ডের রায় দিয়েছেন।
কুইন্স জেলা অ্যাটর্নি অফিস সূত্র জানায়, ১৩ মাস বয়সী শিশুকন্যার মৃত্যুর জন্য মা টিনা তোরাবি দায়ী করা হয়েছে। অন্য সন্তানদের নির্যাতনসহ মানবেতর পরিবেশে লালনপালনের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই পাঁচ সন্তানের মায়ের সাজা ঘোষণা করেন আদালত। ৩০ মে থেকে তোরাবিকে সাজা ভোগ করত হবে।

২০১৮ সালের ৩ অক্টোবর কুইন্সের ফ্লাশিংয়ের অ্যাশবি অ্যাভিনিউতে বসবাসরত টিনা তোরাবির ৯১১ ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। টিনা তখন পুলিশকে জানায়, তার ১৩ মাস বয়সী কন্যা ‘এলেনা’ অসুস্থ। এরপর সেখানে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসকে (ইএমএস) ডাকা হয়। তারা জানায়, তারা সেখানে পৌঁছে শিশু এলেনাকে খুবই সংকটাপন্ন অবস্থায় পেয়েছিল। শিশুটিকে তাৎক্ষণিক ফ্লাশিং হাসপাতালের মেডিকেল সেন্টারে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইএমএস কর্মীরা টিনার বাড়িতে পৌঁছালে মারাত্মক আঘাতে মৃত্যু হওয়া এলেনার জমজ ভাইয়ের সন্ধান পেয়েছিল। তারা সেখানে আরেকটি ভয়ংকর দৃশ্য দেশে। এলেনার ১৩ মাস বয়সী জমজ ভাইটিকেও মারাত্মকভাবে মারধর করা হয়েছিল। তার একাধিক পাঁজরের হাড় ভাঙাসহ ফুসফুসে সংক্রমণ, মাথায় আঘাত, শরীরে কামড়ের চিহ্ন ও সিগারেটের আগুনের ছ্যাঁকার পোড়া ক্ষত দেখা যায়। এ ছাড়া ঘরের ভেতরে আরও তিনটি শিশুকে পাওয়া যায়। যাদের বয়স যথাক্রমে ৫, ৪ ও ২। সেই সময় এলেনার অন্য ভাইবোনকে কোহেন শিশু চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে ১৩ মাস বয়সী এলেনার টুইন ভাই কিওনের আঘাতের চিকিৎসা করা হয়েছিল।

ডিএ-র বর্ণনা থেকে জানা যায়, পাঁচটি নাবালক বাচ্চা নিয়ে টিনা ও তার স্বামী অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা ও অনিরাপদ অবস্থায় একটি বেসমেন্ট বাসায় বসবাস করছিল।
ঘটনার পর টিনার স্বামী রেজা তোরাবি সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছিল, তিনি তার বাচ্চাদের আঘাত করেননি। পুলিশ ও তদন্তকারীরা শিশুদের নির্যাতনের ব্যাপারে রেজা তোরাবিকে আরও জিজ্ঞাসাবাদ করার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু মেয়ের মৃত্যুর তিন দিন পর ৬ অক্টোবর ম্যানহাটনের রেনেসাঁ নামক একটি মধ্যমানের হোটেলের ব্যালকনিতে পাঁচ সন্তানের এই জনককে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীরা ধারনা করছেন, রেজা আত্মহত্যা করেছেন।
চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ‘মারাত্মক শিশু নির্যাতন সিনড্রোম’ থেকেই শিশু এলেনা মারা গেছে।
ভারপ্রাপ্ত কুইন্স জেলা অ্যাটর্নি জন এম রায়ান বলেন, ‘বাচ্চারা নিরাপদ নয়। তারা যত্ন, ভালোবাসা, খাবার ও পানির জন্য তাদের বাবা-মায়েদের ওপর নির্ভর করে। এই ভয়ানক মামলায় অভিযুক্ত মা দুর্ভাগ্যবশত এসব দায়িত্ব পালনে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে। তার দায়িত্ব ছিল, সন্তানদের ক্ষতি ও আঘাত থেকে রক্ষা করা। আঘাতপ্রাপ্ত হলে তাদের চিকিৎসা করা। তার অবহেলা ও নির্যাতনের কারণে একটি ১৩ মাসের শিশু মারা গেছে এবং বাকি ৪টি শিশু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে।’