'নেতৃত্বে নারীর উপস্থিতি এখনো অনেক কম'

রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের শীর্ষে পুরুষের সমান সংখ্যায় আসতে নারীরা এখনো অনেক পিছিয়ে আছেন। এ কথা বলেছেন বিশ্বের তিন প্রভাবশালী নারী—হিলারি ক্লিনটন, মিলিন্ডা গেটস ও চেলসি ক্লিনটন। খবর এএফপির।
হিলারি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী। মিলিন্ডা মাইক্রোসফটসের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের স্ত্রী। আর চেলসি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী হিলারি ক্লিনটনের মেয়ে। ‘নো সিলিংস ফুল পার্টিসিপেশন’ শীর্ষক একটি প্রতিবেদনে তাঁরা তিনজন নারী নেতৃত্ব নিয়ে ওই মন্তব্য করেছেন। ১২ দিনব্যাপী জাতিসংঘের নারী সম্মেলনের আগে গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ক্লিনটন ও গেটস ফাউন্ডেশন, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এবং যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ক্যার্লিফোর্নিয়ার ওয়ার্ল্ড পলিসি সেন্টার যৌথভাবে এক বছর ধরে একটি প্রকল্পের অধীনে এই প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে ১৯৯৫ সালে অনুষ্ঠিত বেইজিং নারী সম্মেলনের পর নারী উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। ওই সম্মেলনে লিঙ্গবৈষম্য কমাতে নানা কর্মসূচি ঘোষিত হয়েছিল।
সেই সময়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বেইজিং নারী সম্মেলনে বলেছিলেন, ‘নারীর অধিকার মানবাধিকার, মানবাধিকারই নারীর অধিকার, সব সময়।’
প্রতিবেদনে বলা হচ্ছে, তবে সেই বেইজিং সম্মেলনের ২০ বছর পর নারীরা, বিশেষত রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ‘এখনো সংখ্যালঘু’। বিশ্বের বিভিন্ন দেশের আইনসভায় নারীদের উপস্থিতির হার মাত্র ৩০ শতাংশ। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে নারী মন্ত্রী আছেন মাত্র ৫ শতাংশ। তাঁরা আছেন স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো নির্দিষ্ট কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রতিরক্ষা বা অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাঁরা নেই।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে মাত্র ২৪টি দেশে নারীরা অর্থ বা আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রণ করে এমন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বের পাঁচটি দেশের আইনসভার সব সদস্য পুরুষ। আটটি দেশের মন্ত্রিসভায় নারীদের কেউ ঠাঁই পাননি। এই সম্মেলনে নারীর রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর ভূমিকা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।
ব্যবসায়ের ক্ষেত্রে শীর্ষ নির্বাহীদের তালিকা ‘ফরচুন ৫০০’ তে ১৯৯৫ সালে একজনও নারী ছিলেন না। তবে এই তালিকার ৫ শতাংশ এখন নারী।
তবে পরিস্থিতি পাল্টাচ্ছে। নারীরা ক্রমশ বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থানে যাচ্ছেন। পর্তুগালে শীর্ষ রাজনৈতিক পদে নারীরা আছেন ৮ শতাংশ পদে, আর নরওয়েতে ৩৬ শতাংশ পদে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব কম হলেও স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে নারীরা এগিয়ে আছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে আছেন।
আজ মঙ্গলবার জাতিসংঘের নারী সম্মেলনে হিলারি ক্লিনটন ভাষণ দেবেন। তিনি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থীদের অন্যতম।