'পরিস্থিতি মোকাবিলায় আমি ধীরস্থির হব'

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ এর জ্যামাইকা কার্যালয়ে ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল সোসাইটির নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন। নিউইয়র্ক সময় সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠান সঞ্চালক ইব্রাহিম সিরাজ আনাস আসন্ন কোয়ান্টাম মেথড কোর্স ৪৫৮ এর তাৎপর্য ও গুরুত্ত্ব আলোচনা করেন।
আলোচনা পর্বে “পরিস্থিতি মোকাবিলায় আমি ধীরস্থির হবো” শীর্ষক লাইভ স্ট্রিমিং আলোচনায়, শাখার দায়িত্বশীল তানজিনা রহমান উপস্থাপন করেন কীভাবে ইতিবাচক ও প্রশান্ত চিত্তের অধিকারী একজন মানুষ যেকোনো পরিস্থিতিতে নিজেকে যেমন নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনি অনুপ্রাণিত করতে পারেন পারিপার্শ্বিকতাকে। প্রতিকূল পরিস্থিতিতে আমরা যখন অস্থির থাকি তখন অনেক বড় সমাধানের সুযোগ থাকলেও অ্যাকোরিয়ামের মাছের মতো তা আমরা দেখতে পাই না।
অ্যাকোরিয়ামের মাছ অস্থির হয়ে কাচ থেকে বের হতে চায় এবং বারবার কাচে বাড়ি খায়। ওপরে যে একটু ফাঁক আছে যা দিয়ে সে সহজে বেরিয়ে যেতে পারবে, তা সে দেখতে পায় না। দেখতে না পাওয়ার কারণ সে স্থির নয়। অ্যাকোরিয়ামের মধ্যে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়। এ রকম বেশ কিছু উপমা, গল্প ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। জীবন ঘনিষ্ঠ এই মনোমুগ্ধকর আলোচনা সবাই মনোযোগ দিয়ে শোনেন।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত ডকুমেন্টারি “আত্মজয়” (কোয়ান্টাম মেথড ৪৫৮) এবং “পান্তাপিয়া ২০১৯” অ্যানিমেশন ভিডিও দেখানো হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটি অনলাইনে লাইভস্ট্রিমিংয়ে আমেরিকার ৫টি রাজ্য, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ৫টি দেশের মানুষ অংশ নেন। অনলাইন ও অন-সাইট মিলে মোট ৫৭জন অতিথি প্রোগ্রামটি উপভোগ করেন।