'পুতিন বা বাশার নন বড় হুমকি ওবামা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি কে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নাকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ? এ দুজনের কেউ নন, সেই ব্যক্তিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই!
পুতিন বা বাশারের চেয়ে ওবামাকেই আসন্ন বড় হুমকি বলে মনে মার্কিন রিপাবলিকানরা। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসসের যৌথ জরিপে এমন তথ্যই পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের।
চলতি মাসে অনলাইনে ২ হাজার ৮০৯ জন মার্কিন নাগরিকের ওপর জরিপটি চালানো হয়। এঁদের মধ্যে ১ হাজার ৮৩ জন ডেমোক্র্যাট এবং ১ হাজার ৫৯ জন রিপাবলিকান দলের সমর্থক। তাঁদের বিভিন্ন দেশ, সংগঠন ও ব্যক্তির একটি তালিকা দিয়ে তারা যুক্তরাষ্ট্রের জন্য কতটা হুমকি, সে বিষয়ে সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ৫ নম্বর দিতে বলা হয়। ১ নম্বর মানে কোনো হুমকি নয়। আর ৫ নম্বর মানে আসন্ন হুমকি।
জরিপের ফলে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি রিপাবলিকান (৩৪ শতাংশ) বলেছেন, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি। আর ইউক্রেনে আগ্রাসন চালানোর ঘটনায় অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুমকি মনে করেছেন ২৫ শতাংশ রিপাবলিকান। এর বাইরে ২৩ শতাংশ রিপাবলিকান গৃহযুদ্ধপীড়িত দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশারকে হুমকি মনে করেন।
আমেরিকার রাজনীতি ক্রমবর্ধমানভাবে দুই মেরুতে বিভক্ত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্টকে রিপাবলিকানরা এভাবে মূল্যায়ন করবেন, তাতে বিস্ময়ের কিছুই নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলোচিত দ্য কালচার অব ফিয়ার: হোয়াই আমেরিকানস আর অ্যাফরেইড অব রং থিংস বইয়ের লেখক সমাজবিজ্ঞানী ব্যারি গ্লাসনার বলেন, প্রবণতাটা হচ্ছে, ক্ষমতায় থাকা ব্যক্তিটাকে ‘দানব’ হিসেবে চিত্রিত করা। জনমত নিজেদের পক্ষে টানতে ভয় নিয়ে কারবার করাই হতে পারে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুবিধা লাভে দুই দলেরই প্রধান অবলম্বন।
১৬ থেকে ২৪ মার্চের মধ্যে চালানো এই জরিপে রিপাবলিকানদের ২৭ শতাংশ মনে করেন, ডেমোক্র্যাটিক পার্টি যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি। পক্ষান্তরে, ২২ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, রিপাবলিকান পার্টিই আসন্ন হুমকি।