'প্রতিষ্ঠায় বিলেত, শিক্ষায় আমেরিকায় এগিয়ে বাংলাদেশিরা'

আহমেদ উস সামাদ যুক্তরাজ্যের জনপ্রিয় টিভি চ্যানেল ‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান। যুক্তরাজ্যে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলে ধরেছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। প্রবাসে আমাদের সফল আলোকিত মানুষদের একজন তিনি। তাঁর দৃষ্টিতে, যুক্তরাজ্য ও আমেরিকায় বাংলাদেশি অভিবাসীরা বেশ ভালো করছেন। বিলেতে (যুক্তরাজ্যে) বাংলাদেশি অভিবাসীরা প্রতিষ্ঠার দিক থেকে এগিয়ে থাকলেও শিক্ষায় আমেরিকায় বাংলাদেশিরা অনেক এগিয়ে।
গত ৩১ জুলাই প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে এসেছিলেন আহমেদ উস সামাদ। কথা বলেছেন নিজের জীবন, জীবনসংগ্রাম, প্রবাসে প্রতিষ্ঠা পাওয়া এবং প্রবাসী মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ইতিবৃত্ত নিয়ে। বলেছেন সাফল্যের কথা; সম্ভাবনার কথা। নিজের ভাবনা ও অর্জন নিয়ে বলেছেন নির্মোহ বিনয়ের সঙ্গে। তাঁকে ঘিরে আয়োজিত আড্ডায় উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার লেখক, সাংবাদিক ও কর্মীরা। তাঁদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। চা, বিস্কুট ও গরম-গরম পেঁয়াজি সহযোগে বৃষ্টিভেজা কর্মদিবসেও তাই জমে উঠেছিল প্রাণবন্ত এক আড্ডা।
আলাপচারিতায় উঠে এসেছিল নানা বিষয়। লেখক ভায়লা সালিনার কৌতূহল ছিল আহমেদ উস সামাদের সাফল্য নিয়ে। সেই কৌতূহল নিবৃত্ত করতে আহমেদ উস সামাদ বলেন, ‘একজন সফল ব্যবসায়ী কখনো রাতারাতি হওয়া যায় না। এর পেছনে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। আমি ১৯৭২ সালে দেশ ছেড়ে আসি। ওই সময় সিলেটীরাই প্রথম দেশ ছেড়ে প্রবাসে আসা শুরু করে। বাংলাদেশের অন্য জেলার লোকজন তখন খুব কম; প্রায় হাতে গোনা। আমি একজন ছাত্র হিসেবে যুক্তরাজ্যে আসি। ছোটবেলা থেকেই আমার মিডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার একটি সুপ্ত বাসনা ছিল। এ দেশে আসার পর শুরুতেই আমি অনুভব করলাম, এখানে টিকে থাকতে হলে এবং দেশের জনগণের জন্য কিছু করতে হলে আমাদের মাথার ওপর একটি ছাদ দরকার। ১৯৯০ সালে আমি একটি বাড়ি কিনি এবং সেখানে নারী ও শিশুদের জন্য “বাংলাদেশ সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান চালু করি।’
সাংবাদিক মনজুরুল হক জানতে চাইলেন চ্যানেল এস প্রতিষ্ঠার পূর্বভাবনা ও এই চ্যানেলের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ বিষয়ে। উত্তরে তিনি জানালেন, ‘আমি মনে করি প্রবাসে আমাদের নিজস্ব ভাষায় নিজস্ব সংবাদপত্র, টিভি চ্যানেল, বিভিন্ন সংগঠনের অনেক বেশি প্রয়োজন। প্রবাসে জন্ম নেওয়া প্রজন্ম যাতে নিজেদের দেশীয় খবরাখবর, সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, নিজের ভাষায় পড়তে ও শুনতে পারে, তার জন্য এই মাধ্যমগুলো খুবই দরকার। তা ছাড়া আমাদের প্রবীণ প্রজন্মের মানুষেরা, যারা আধুনিক টেকনোলজির সঙ্গে, বিদেশি ভাষার সঙ্গে পরিচিত নন, তারাও দেশের খবরাখবর নিজের ভাষায় শোনা ও দেখার সুযোগ পান। ছোটবেলা থেকেই গণমাধ্যম ও মিডিয়ার সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট রাখার একটি লক্ষ্য ছিল। এই ভাবনাগুলোই আমাকে প্রবাসে বাংলা চ্যানেল শুরু করতে উৎসাহিত করেছে।’
সাংবাদিক রহমান মাহবুব প্রবাসীদের ওপর যুক্তরাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে চাইলে আহমেদ উস সামাদ বললেন, ‘অবশ্যই বড় বড় দেশগুলোর রাজনৈতিক পটপরিবর্তন অন্যান্য দেশের ওপর বড় ধরনের প্রভাব বিস্তার করে। বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশের লিডারশিপ পরিবর্তন বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে।’
লেখক শেলী জামান খান জানতে চান, ‘যুক্তরাজ্য ও আমেরিকায় আমাদের প্রবাসীদের মধ্যে আপনি কি কোনো পার্থক্য দেখেন? কারা ভালো করছে? দেশের সঙ্গে কাদের সংযোগ বেশি বলে মনে করেন?’ উত্তরে এই প্রাজ্ঞ ব্যক্তিত্ব জানালেন, ‘যুক্তরাজ্যে অভিবাসন শুরু হয়েছিল অনেক আগেই। ফলে সেখানে প্রবাসীরা অনেক আগেই মূলধারার সঙ্গে থেকে নিজেদের শেকড় শক্ত করার সুযোগ পেয়েছে। বিলেতে এখন দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের যুগ চলছে। সে তুলনায় আমেরিকায় প্রবাসীদের দ্বিতীয় প্রজন্মের যুগ শুরু হয়েছে কেবল। তাই বাংলাদেশি আমেরিকানরা ব্রিটিশ বাংলাদেশিদের তুলনায় এক প্রজন্ম পিছিয়ে আছে বলা যায়। ফলে তুলনামূলক বিচারে বিলেতের অভিবাসীরা বেশি প্রতিষ্ঠিত। কারণ, তাঁরা নিজেদের গোছানোর সুযোগ পেয়েছেন বেশি। অন্যদিকে, শিক্ষার দিক থেকে মার্কিন অভিবাসীরা বেশি এগিয়ে। মার্কিন অভিবাসীদের সঙ্গে সংগত কারণেই দেশের সংযোগ বেশি। কারণ, বিদেশে তাদের ভিত তেমন পুরোনো নয়। তাই তারা হোমসিকনেসে বেশি ভোগে বলে আমার মনে হয়।’
‘উন্নয়নের সঙ্গে বলা হয়, নৈরাজ্য সব সময় সহযোগী থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে এমন ধারণা সত্য বলে মনে হয়’ উল্লেখ করে সাংবাদিক সোহেল মাহমুদ অতিথির কাছ থেকে ব্রিটেনের অভিজ্ঞতা জানতে চান। উত্তরে আশার কথাই শোনালেন আহমেদ উস সামাদ। তিনি বলেন, ‘আমি আশাবাদী মানুষ। আমাদের অনেক ব্যর্থতা ও সীমাবদ্ধতা আছে। তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম অনেক সম্ভাবনার। তাদের হাতেই দেশ এগিয়ে যাবে।’
বাংলাদেশের কাঠামোগত সংস্কারের বিষয়ে সাংবাদিক রওশন হকের এক প্রশ্নের উত্তরেও আহমেদ উস সামাদ আশার কথাই শোনালেন। তিনি আস্থা রাখতে চাইলেন দেশের তরুণ প্রজন্মের ওপর।
মজার একটি প্রশ্ন হাজির করলেন সংগঠক মিনহাজ আহমেদ। তাঁর প্রশ্ন ছিল, সিলেটী ও বাংলা—এ দু ভাষায় কথা বলতে গিয়ে আপনি কি কখনো বিব্রত হন? বিলেতে সিলেটী ও বাঙালি লোকের আনুপাতিক হার কত? কারা সংখ্যা গরিষ্ঠ? প্রথম প্রশ্নটি কিছুটা এড়িয়েই তিনি বললেন, ‘লন্ডনে আমাদের অধিকাংশ দর্শক সিলেটী। তাদের চাহিদা বিবেচনায় এ জনগোষ্ঠীর সঙ্গে আমরা সংযোগ করি। আমাদের গ্রাহকেরা তা বেশ ভালোভাবেই গ্রহণ করেন।’
সম্প্রতি বাংলাদেশে ঘটা নানা অঘটনের খবর প্রচার করা হয় কিনা আফরুজা বেগম রোজীর এমন প্রশ্নে আহমেদ উস সামাদ বলেন, ‘আমাদের সব দেশের মানুষের মধ্যেই নানা সীমাবদ্ধতা আছে। নতুন প্রজন্মের মনে বিভীষিকা ও দেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা অনেক কিছুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। নৈরাজ্য ছড়াতে চাই না।’
নিজের চ্যানেলের পছন্দের অনুষ্ঠান সম্পর্কে শেখ সোয়েব
আহমেদ জানতে চান। কালবিলম্ব না করেই আহমেদ উস সামাদের উত্তর, ‘ফ্রেন্ডস অব বাংলাদেশি। নিজেই উপস্থাপন করি। এটি একটি ইউনিক প্রোগ্রাম।’
অনির্ধারিত এ আড্ডায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আটলান্টিকের অপর পাড় থেকে আসা অতিথির সঙ্গে দেখা করতে, গল্প করতে জড়ো হয়েছিলেন অনেকেই। ছিলেন লেখক আহামাদ মাযহার, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, প্রথম আলো অফিস সহকারী সানজিদা আলম, সাংবাদিক রওশন হক, সংগঠক শেখ সোহেব সাজ্জাদ, রূপা খানম, জুনেদ আহমেদ চৌধুরী ও মিনহাজ আহমেদ, গ্লোবাল টাইমের সম্পাদক রিমন ইসলাম প্রমুখ। আড্ডা শেষে লেখক ইশতিয়াক রূপু সম্মানিত অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।