'ফরএভার ২১' নিজেদের দেউলিয়া ঘোষণা করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরএভার ২১ এর কার্যালয়
ফরএভার ২১ এর কার্যালয়

দেউলিয়া হওয়ার কারণে নিউইয়র্কের সুপার ফ্রেন্ডলি স্টোর ‘ফরএভার ২১’ তাদের ১৭৮টি স্টোর বন্ধ করে দিয়েছে। মেয়েদের আধুনিক পোশাকের নাম করা আমেরিকার আইকন স্টোর ‘ফরএভার ২১’ নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। গত ৩০ সেপ্টেম্বর আদালতে নিজেদের দেউলিয়া ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
‘ফরএভার ২১’ জানিয়েছে, তাদের ৮০০টিরও বেশি স্টোরের মধ্যে ১৭৮টি বন্ধ করার জন্য একটি প্রস্তাব পেশ করবে। যদিও গ্রাহকদের কাছে দেওয়া এক চিঠিতে তারা বলেছে, স্টোরগুলো কীভাবে বন্ধ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তবে তা নিয়ে দোকান মালিকদের সঙ্গে আলোচনা চলছে। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। দোকান মালিকেরা বলছেন, ‘আমরা আশা করি যে, দোকানগুলোর উল্লেখযোগ্যসংখ্যক শাখা যথারীতি খোলা থাকবে এবং আমেরিকার মতো একটি বড় বাজার থেকে এ স্টোর বেরিয়ে আসবে না।’
স্বল্প মূল্যের ব্যবসায়িক স্টোরগুলো ইজারা থেকে বেরিয়ে আসার পুরোনো ও আইনি নিয়ম হলো নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা। সংস্থার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিন্ডা চ্যাং সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দেউলিয়া ঘোষণার সিদ্ধান্ত কোম্পানির ভবিষ্যৎকে সুরক্ষিত করতে একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ।
গত চার বছরে আমেরিকার ৮ হাজার ২০০টিরও বেশি স্টোর বন্ধ ঘোষণা হয়েছে। গত এক বছরে এ হার অনেক বেশি। এক বছরেই বন্ধ হয়েছে ৫ হাজার ৫৮৯টি স্টোর। এদিকে জুতার দোকান পে লেস ও গেমবোরি দুজনই দ্বিতীয়বারের মতো নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করেছে। এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি নিজেদের প্রায় তিন হাজার স্টোর বন্ধ করেছে। একইভাবে আরও বেশ কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চাইছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কোয়ারসাইট। চলতি বছরের শেষ দিকে এ সংখ্যা ১২ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির পূর্বাভাসে।
‘ফরএভার ২১’ ১৯৪৮ সালে দক্ষিণ কোরিয়ার অভিবাসী দো ওয়ান চ্যাং ও তাঁর স্ত্রী জিন সুক প্রতিষ্ঠা করেন। তাঁদের লস অ্যাঞ্জেলেসে একটি ছোট দোকান ছিল। পরে তা বিভিন্ন শহর ও শহরতলিতে ছড়িয়ে পড়ে। তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল ‘ফরএভার ২১’।