'ফ্লু' আক্রান্তদের ঘরে থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ফ্লু আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা
হাসপাতালে ফ্লু আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা

নিউইয়র্ক নগরীতে ‘ফ্লু’ তথা ইনফ্লুয়েঞ্জা (জ্বর) ছড়িয়ে পড়েছে। বিশেষত ৫ ফেব্রুয়ারি কুইন্সে ‘ফ্লু’-আক্রান্ত হয়ে আট বছর বয়সী একটি মেয়ে মারা যাওয়ার পর বিশেষ সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। নিউইয়র্কবাসীদের জন্য বিনা মূল্যে ফ্লু-এর প্রতিষেধকের ব্যবস্থা করেছে নগর কর্তৃপক্ষ। একই সঙ্গে ফ্লু-এর সংক্রমণ রোধে আক্রান্তদের সুস্থ হওয়ার আগ পর্যন্ত ঘরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য কমিশনার ড. ম্যারি টি ব্যাসেট।

ম্যারি টি ব্যাসেট নগরবাসীকে বিনা মূল্যে ফ্লু-এর প্রতিষেধক গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার ভাইরাস থেকে নিরাপদ রাখার সবচেয়ে উত্তম ও কার্যকর পন্থা হলে ইনজেকশন নেওয়া। আপনি নিজে এই টিকা নিন ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করুন।’
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাফেয়ার্স বিভাগের কমিশনার লোরেলি স্যাল্যাস বলেন, ‘ফ্লু ভাইরাসে আক্রান্তদের কর্মস্থল থেকে ছুটি চাওয়ার অধিকার আছে। ব্যবসায়ীরা আইনের অধীনেই আক্রান্ত কর্মীকে ছুটি দেবেন। কোনো কর্মীর নিয়োগকর্তা অসুস্থতাজনিত ছুটি না দিলে কিংবা ছুটি কেন চাইছেন এমন প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্মীকে আমার বিভাগে ৩১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।’
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর গত সপ্তাহে জানান, নিউইয়র্কবাসীরা গত ১০ বছরের মধ্যে এই প্রথম সর্বাধিক মাত্রায়, ‘ফ্লু’ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এ বছর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে। আর আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে এরই মধ্যে ২১ শতাংশে পৌঁছেছে। এ বছর এখন পর্যন্ত ৩৬ হাজার ৮০০-এরও বেশি মানুষের ফ্লু-আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।