'বঙ্গবন্ধু বাংলাদেশ' ইউটিউব চ্যানেল চালু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হয়েছে। নিউইয়র্কের চিকিৎসক ফেরদৌস খন্দকারের উদ্যোগে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামে একটি ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ হয়েছে।
২৩ সেপ্টেম্বর এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, কমিউনিটির নেতা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ অনেকেই।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান ও সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ চ্যানেলটির উদ্বোধন করেন। ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, সাংবাদিক নিনি ওয়াহেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আওয়ামী লীগের নেতা সিব্বির আহমেদ প্রমুখ।
লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শহীদ হাসান বলেন, ‘এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ইতিহাস, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী জানার সুযোগ তৈরি হলো। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে এই কাজটি চালিয়ে যেতে হবে।’
সৈয়দ মোহাম্মদ উল্লাহ উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশের মানুষ হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।’ বাংলাদেশের বিপুল উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের ইতিহাসকে প্রয়োজনে বিভিন্ন ভাষায় পৌঁছে দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে।’
ইউটিউব চ্যানেলটির উদ্যোক্তা ফেরদৌস খন্দকার বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতা আর বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে, এই উদ্যোগটি নিয়েছি আমরা।’ প্রতি ক্ষেত্রে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সচেষ্ট ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান বঙ্গবন্ধুকে নিয়ে চারটি গান গেয়ে শোনান। তবলায় ছিলেন তপন মোদক ও কী–বোর্ডে পার্থ গুপ্ত। আবৃত্তি করেন গোপন সাহা।