'বন'পাচ্ছে না নিউইয়র্কপ্রবাসীরা

নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশি। পারবারিকসহ নানাভাবে প্রতিদিনই ঘটছে অভিবাসন। প্রবাসীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসব-অনুষ্ঠানও। গড়ে উঠছে নতুন নতুন সংগঠন, আচার অনুষ্ঠানে যোগ হচ্ছে নানা মাত্রা। অন্তর্দ্বন্দ্ব ও ব্যক্তিগত রেষারেষিতে বিভক্ত হচ্ছে সামাজিক সংগঠনগুলো। অনুষ্ঠানসহ উৎসব আয়োজনের প্রতিযোগিতা চলছে সবখানে। কিন্তু উৎসব আয়োজন করতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না পছন্দের অনুষ্ঠানস্থল। বনভোজনের জন্য খালি নেই বন। অনুষ্ঠান সফল করতে আগের মতো মিলছে না অর্থ জোগানদাতা। ফলে সংগঠন বা ব্যক্তির পক্ষে অনুষ্ঠান বা উৎসব-অনুষ্ঠান সফল করা দিনে দিনে কঠিন হয়ে পড়েছে।
প্রবাসীবান্ধব নিউইয়র্ক নগরীতে প্রায় দেড় লাখ বাংলাদেশির বসবাস। বাংলাদেশিদের নেতৃত্বে গড়ে উঠছে অসংখ্য সংগঠন। আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটির ভোটার সংখ্যা ১৯ হাজারের মতো। সংগঠনটির হিসেবে নিউইয়র্কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় আড়াই শ সামাজিক সংগঠন। ১০ বছরে গাণিতিকহারে বেড়েছে এর সংখ্যা। নিজেদের অন্তর্দ্বন্দ্ব এবং রেষারেষির ফলে বিভাগ, জেলা ও উপজেলার নামে গড়ে উঠে সংগঠনগুলো বিভক্ত হয়েছে। একপক্ষ সমিতি নাম দিয়ে সংগঠন পরিচালনা করলেও আরেক পক্ষ একই নাম দিয়ে সোসাইটি নাম যোগ করে নিবন্ধিত হচ্ছে।
কমিউনিটি অ্যাকটিভিস্টরা বলেন, সংগঠন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আচার অনুষ্ঠানও। প্রতিযোগিতা দিয়ে আয়োজন করা হচ্ছে উৎসবের। গেল কয়েক বছর আগে নিউইয়র্কে যেখানে অর্ধশত অনুষ্ঠান হতো সেখানে এখন কয়েক শ অনুষ্ঠান হচ্ছে।
কমিউনিটি অ্যাকটিভিস্ট এ এফ এম মিসবাহ উজ জামান বলেন, এটা খুবই ইতিবাচক। অনুষ্ঠানগুলো হওয়ার কারণে উৎসব প্রিয় বাঙালিরা থাকছে আনন্দ-উচ্ছ্বাসে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী বলেন, নিউইয়র্কের সংগঠনগুলোর প্রধানত লক্ষ্য থাকে বছরে অন্তত একটি বনভোজন ও বৈশাখী মেলার আয়োজনের জন্য। মেলার জন্য ইনডোরে জায়গা মিললেও বনভোজনের জন্য যেতে হয় নিউইয়র্কের বাইরে কোনো সবুজঘেরা এলাকায়।
কমিউনিটি নেতারা বলেন, বনভোজন করার জন্য লং আইল্যান্ড সিটিতে রয়েছে বেশ কটি পার্ক। এর মধ্যে হ্যাকশেয়ার, বেথপেজ স্টেট, বেলমন্ট পার্ক, বেন্ট উড স্টেট পার্ক, ব্রুক হেভেন স্টেট পার্ক, জনস বিচ স্টেট পার্ক, ভ্যালি স্ট্রিম স্টেইট পার্ক, ক্যাম্প ইরো স্টেট পার্কে বনভোজন আয়োজন করা হয়ে থাকে।
কমিউনিটির নেতারা বলেন, বাংলাদেশি সংগঠন বাড়ার কারণে পার্কগুলোতে পছন্দমতো দিনক্ষণে বনভোজন করা যায় না। কমপক্ষে ৬ মাস আগেই বুকিং দিয়ে রাখতে হয়। তারা বলেন, রোজার ঈদের পর থেকে বনভোজনে মেতে উঠবে কমিউনিটি। সপ্তাহান্তের ছুটির দিন শনিবার ও রোববার বেশি সংখ্যক বনভোজন আয়োজন করা হয়।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ড., আবদুল লতিফ বলেন, একটা বনভোজন আয়োজন করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। বনভোজনের আগের স্থান নির্ধারণ করা, বাস জোগাড় করা কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে ক্যাটারিংয়ের দোকানগুলোতে খাবার অর্ডার দিতে বেগ পেতে হয়। কারণ গ্রীষ্মকালে এক দিনে ৮/১০টি বনভোজন আয়োজন হয়ে থাকে। আয়োজকদের সবার লক্ষ্য থাকে বাংলাদেশি রেস্তোরাঁগুলা থেকে খাবার সরবরাহ নেওয়ার। কিন্তু বনভোজন বেশি থাকায় সেটা পেরে ওঠা সম্ভব হয় না।
ময়মনসিংহ জেলা সমিতির নেতারা বলেন, একটি বনভোজনে কয়েকটি বিষয় জড়িত থাকে। আয়োজন সফল করতে বছরব্যাপী পরিকল্পনা করা হয়। এর সঙ্গে যেমন বনভোজনের স্থান, খাবার সরবরাহ, শিল্পী ও পরিবহন জড়িত ঠিক তেমনিভাবে জড়িত অর্থও। কিন্তু আগে সহজে অর্থের জোগানদাতা পাওয়া যেত। এখন অনুষ্ঠান বেশি হওয়ায় জোগানদাতা মেলে না। ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি মঞ্জুরুল হক তুষার বলেন, ‘আমরা রোজার ঈদের পরে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত বনভোজনের জায়গা পাচ্ছি না।’
মানিকগঞ্জ সমিতির সভাপতি মনিউর রহমান জাহাঙ্গীর বলেন, বনভোজন করতে গিয়ে বনের স্থান পাওয়া খুব সমস্যা। একেকটি পার্ক অনেক আগে থেকেই বুক করা থাকে। পার্ক পাওয়া যায় তো শিল্পী পাওয়া যায় না, শিল্পী পাওয়া যায় তো খাবার সরবরাহ পাওয়া যায় না এ অবস্থার মধ্যে থাকতে হয়।