'বাঁচা-মরার' বিদেশ সফরে ট্রাম্প

স্বদেশে সংকটে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম বিদেশ সফর শুরু করছেন। আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবারই তাঁর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সৌদি আরবের পর ইসরায়েল হয়ে ইতালি ও বেলজিয়ামে যাবেন তিনি।
পর্যবেক্ষকেরা বলছেন, দেশে ট্রাম্প যে রাজনৈতিক পরিস্থিতিতে পড়েছেন, তাতে বড় ধরনের বিপর্যয় না হলেই এ সফরকে খুব সফল হিসেবে দেখতে হবে।
এফবিআই-প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর থেকে ওয়াশিংটনে যা চলছে তা ট্রাম্পের প্রেসিডেন্ট পদকেই বিপন্ন করে তুলতে পারে।
ইতিমধ্যে বলা হচ্ছে, হোয়াইট হাউসের স্মরণকালের ইতিহাসে ট্রাম্প শিবিরের মতো বিভেদ-তিক্ততা আর দেখা যায়নি। বস্তুত প্রেসিডেন্টের আস্থা হারিয়ে ফেলা কিছুসংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তার জন্য এ সফরই হতে পারে চাকরি বাঁচানোর শেষ সুযোগ। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, এ সফরটাকে ‘বলা যায় বাঁচা-মরার ব্যাপার’।
সফরের একেকটি চ্যালেঞ্জিং গন্তব্য ও কূটনৈতিক অনভিজ্ঞতার কারণে এটা যে ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা হবে, তা অবশ্য আগেই জানা ছিল। এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, সফরে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট থাকবেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সদ্য সাবেক জেমস কোমিকে রাশিয়ার সঙ্গে কথিত আঁতাত নিয়ে তদন্তকাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়ার অভিযোগ গত বৃহস্পতিবার আবারও জোরালোভাবে অস্বীকার করেছেন ট্রাম্প। কোমিকে চাপ দেওয়ার অভিযোগ সত্যি হলে ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠতে পারে, যা অভিশংসনযোগ্য অপরাধ।