'বাজে শ্রবণযন্ত্র'কে দুষলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ডিউক
ডেভিড ডিউক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন বিতর্কিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ‘কু ক্লাক্স ক্লান’-এর (কেকেকে) সাবেক নেতা ডেভিড ডিউক। এ নিয়ে দৃশ্যত নীরবই ছিলেন তিনি। কিন্তু বিতর্ক উঠতেই এ জন্য ‘বাজে শ্রবণযন্ত্র’কে দুষলেন ট্রাম্প। খবর টাইমের।
ঘটনাটির শুরু গত বুধবার। সাবেক ‘কেকেকে’ নেতা ডিউক এদিন রাতে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দেন। এরপর থেকে বিষয়টি দৃশ্যত এড়িয়ে চলারই চেষ্টা করে আসছিলেন ট্রাম্প। কিন্তু গত রোববার বিষয়টি ঘোলাটে হয়ে পড়ে। এদিন সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বিতর্কিত সংগঠনটির ওই সমর্থনের বিষয়টি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেননি। তিনি শুধু বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো যথেষ্ট তাঁর জানা নেই। এতেই সমালোচকেরা ট্রাম্পকে পেয়ে বসে।
এমন পরিপ্রেক্ষিতে ট্রাম্প এনবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে দাবি করেন, সিএনএনের সাক্ষাৎকার গ্রহীতার কথা তিনি ভালোভাবে শুনতেই পাননি। কারণ, তাঁদের দেওয়া শ্রবণযন্ত্রটি ছিল খুবই বাজে। রিপাবলিকান দলের এগিয়ে থাকা এই প্রার্থী বলেন, ‘কোনো কোনো গ্রুপকে প্রত্যাখ্যান করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে অন্তত এটুকু জানতে তো হবে, তারা কারা।’
তবে ট্রাম্পকে চেপে ধরতে ছাড়ছেন না প্রতিপক্ষরা। রিপাবলিকান নেতৃত্বের পছন্দের প্রার্থী মার্কো রুবিও তো বলেই বসেছেন, ট্রাম্পের আচরণ তাঁকে ‘নির্বাচন-অযোগ্য’ করে ফেলেছে। গত সোমবার এক নির্বাচনী সমাবেশে রুবিও বলেন, ‘শ্রবণযন্ত্রটা কতটা খারাপ ছিল, তাতে কিছু যায় আসে না। কু ক্লাক্স ক্লান কথাটা তো খুব স্পষ্টই শোনা গিয়েছিল।’
এদিকে ট্রাম্পকে সুরক্ষা দিতেও এগিয়ে এসেছেন কেউ কেউ। তাঁদের অন্যতম অ্যারিজোনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ইয়ান ব্রিউয়ার সিএনএনেরই আরেক অনুষ্ঠানে সোমবার রাতে বলেন, ‘আপনারা সবাই ট্রাম্পকে চেনেন।... তিনি এমন কিছুকে (কেকেকে) সমর্থন করবেন না।’