'বাবা মিস ইউ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনের ২৭টি বছর চলে গেছে আহমেদ হোসেন বাবুর। ২৬ জুন দেশের মাটিতে পা রাখার পর পুরোনো বন্ধু–স্বজনদের আলিঙ্গনে সিক্ত হয়েছেন তিনি। মার্কিন ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করে তাঁকে দেশে পাঠিয়ে দিয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের পরিচিত ও প্রিয়মুখ আহমেদ হোসেন বাবুকে ২৪ জুন মার্কিন ইমিগ্রেশন বিভাগ অনেকটা দ্রুততার সঙ্গেই দেশে পাঠিয়ে দেয়। স্ত্রী, দুই সন্তান আর জীবনের শ্রেষ্ঠ সময়ের সমাজ কোলাহল থেকে একজন অভিবাসীকে এভাবে বিচ্ছিন্ন করাকে মেনে নিতে পারছেন না অনেকেই। আমেরিকার বিদ্যমান আইনে পরবর্তী ১০ বছর আসতে পারবেন না তিনি। যদিও ইমিগ্রেশন আইনের কঠোরতায় ব্যত্যয়

ঘটাতে আইনগত পদক্ষেপ নেওয়ার সীমিত সুযোগ আছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

ডিপোর্টেশন কাঁধে নিয়ে ইমিগ্রেশন আদালতে গেলে আইস পুলিশ আহমেদ হোসেনকে আগের সপ্তাহে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আদালতের ডিপোর্টেশন অর্ডার বা বহিষ্কারের আদেশ ছিল। ম্যানহাটন থেকে গ্রেপ্তার করে তাঁকে নিউজার্সির ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে রাখা হয়। শারীরিকভাবে অসুস্থ এই বাংলাদেশির সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি। শারীরিক অবস্থা ভালো না থাকায় তাঁকে ডিটেনশন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই কিশোর সন্তান নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েন তাঁর স্ত্রী তুহিন সেলিনা আখতার। কিশোর ছেলে স্বর্গ (১৫)শুরুতে কিছুটা জানলেও মেয়ে শান্তি (৯) পরে বাবার গ্রেপ্তার সম্পর্কে জেনে মন খারাপ হয়েছে। তাঁর মেয়ে ফেসবুকে বাবার মুক্তি দাবি করে পোস্ট দিয়েছে। নিউইয়র্কের জনসমাজ, আহমেদ হোসেনের প্রবাসী বন্ধু স্বজনেরা সহানুভূতিশীল প্রতিক্রিয়া জানিয়েছেন। শান্তি ২৭ জুন বৃহস্পতিবার তার বাবার ফেসবুক দেয়ালে লিখেছে—বাবা মিস ইউ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আহমেদ হোসেনের (৫৮) দেশের বাড়ি নওগাঁয়। তাঁর পরিবার ঢাকার মিরপুরে থাকেন। সরকারি চাকরি ছেড়ে ১৯৯১ সালের দিকে তিনি আমেরিকায় আসেন। এ দেশে নানা ইমিগ্রেশন কর্মসূচির ফাঁদে পড়ে তাঁর গ্রিনকার্ড হয়নি। উল্টো তাঁর বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার হয়েছে। মার্কিন নাগরিক সেলিনা আখতারকে বিয়ে করলেও নানা আইনি জটিলতায় তাঁর গ্রিনকার্ডপ্রাপ্তি দুরূহ হয়ে উঠে।

আহমেদ হোসেনকে গ্রেপ্তারের পর দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন বিভাগ আমেরিকা থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করেছে। ডিটেনশন কেন্দ্র থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। ২৪ জুন তাঁকে জেএফকে বিমানবন্দরে কোরিয়ান এয়ারলাইনের একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। কোন এক বিমানযাত্রীর ফোন দিয়ে বাবু তাঁর স্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলতে সক্ষম হোন। স্ত্রী তুহিন সেলিনা দ্রুত তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। ফ্লাইটের পূর্বমুহূর্ত পর্যন্ত কোন আইনগত আবেদন ইমিগ্রেশন বিভাগ না পাওয়ায় তাঁর স্বদেশ যাত্রা নিশ্চিত হয়ে উঠে। এ সময় ক্ষুব্ধ সেলিনা অভিযোগ করেন, আইনজীবী সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ না করায় এমনটি ঘটেছে।

নিউইয়র্কে আহমেদ হোসেন নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। কবি ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। তাঁকে নিয়ে এমন অপ্রত্যাশিত সংবাদে নিউইয়র্কে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় । প্রথম আলো উত্তর আমেরিকাতে সংবাদটি ছাপা হওয়ার পর শত শত প্রবাসী প্রতিক্রিয়া জানাতে থাকেন। তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগও নেন অনেকেই।

২৮ জুন সন্ধ্যা ৭টায় সাহিত্য একাডেমির মাসিক আসরে আহমেদ হোসেনের স্ত্রী সেলিনা তাঁর মেয়ে তামান্না আহমেদ শান্তিকে নিয়ে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এই আসরে তাঁর আইনজীবী কিংবা আইনজীবীর প্রতিনিধিকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আহমেদ হোসেন ও তাঁর পরিবারের এমন একটি বিপর্যয়ের সময়ে শিল্প-সাহিত্যের প্রতিটি মানুষ আন্তরিকতা নিয়ে পাশে এসে দাঁড়াবেন বলে প্রত্যাশা করেছে সাহিত্য একাডেমি ।

আহমেদ হোসেনের আইনজীবী সেত্রি অ্যান্ড অ্যাসোসিয়েটের সঙ্গে যোগাযোগ করা হয়। আইন প্রতিষ্ঠানটির প্রতিনিধি নাসরীন আহমেদ প্রথম আলো উত্তর আমেরিকাকে জানান, আহমেদ হোসেনের জটিল ইমিগ্রেশন বাস্তবতায় তাকে শুনানিতে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর তাকে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ ইমিগ্রেশন বিভাগ দ্রুত নিয়েছে এবং এ ক্ষেত্রে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য যথাসময়ে ইমিগ্রেশন বিভাগ থেকে তাদের নোটিফাই করেনি। যদিও শুক্রবারেই আহমেদ হোসেনের বিতাড়ন ঠেকানোর জন্য একটি আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে নাসরীন জানান।