'বাশারের বিশৃঙ্খল পতন চায় না যুক্তরাষ্ট্র'
সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল-আসাদ সরকারের আকস্মিক বিশৃঙ্খল পতন চায় না যুক্তরাষ্ট্র। কারণ, তা অস্থিতিশীলতার সুযোগে ইসলামি চরমপন্থীদের দেশটির ক্ষমতা দখলের সুযোগ করে দিতে পারে। গত শুক্রবার মার্কিন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্রেনান এ কথা বলেন। খবর এএফপির।
সিআইএর প্রধান বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আইএসবিরোধী জোট এবং আঞ্চলিক দেশগুলোর কেউই সিরিয়ার ক্ষমতাসীন সরকার এবং দামেস্কের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিশৃঙ্খল পতন চায় না।
জন ব্রেনান বলেন, সিরিয়ায় বাশার সরকারের পতন হলে তার স্থানে কে আসবে এ নিয়ে ওয়াশিংটন চিন্তিত।
কাউন্সিল অন ফরেন রিলেশন্সে দেওয়া বক্তব্যে ব্রেনান বলেন, আইএস এবং আল-কায়েদাসহ বিভিন্ন চরমপন্থী ইসলামি সংগঠন এই মুহূর্তে সিরিয়ায় সক্রিয় রয়েছে। আমরা চাই না তারা দামেস্ক এসে পৌঁছানোর সুযোগ পাক। তাই দেশটিতে সরকারবিরোধীদের মধ্যে যারা চরমপন্থী নয়, তাদের সহযোগিতা করা হচ্ছে।
ব্রেনান আরও বলেন, ভবিষ্যৎ সিরিয়ায় বাশারের কোনো ভূমিকা থাকুক, ওয়াশিংটন তা চায় না। কিন্তু বারাক ওবামার প্রশাসন এবং অন্যান্য দেশ রাজনৈতিক সমাধান চায়, যা দেশটিতে একটি প্রতিনিধিত্বশীল সরকারব্যবস্থা নিশ্চিত করবে।