'বিএনপি কোম্পানি' আদালতে মামলা ফখরুলের উদ্বেগ
জিয়াউর রহমান ইনক, বিএনপি ইউএসএ ইনক ও তারেক রহমান ইনক নামে তিনটি আলাদা আলাদা কোম্পানি নিবন্ধন করেছেন নিউইয়র্কের একটি আইন প্রতিষ্ঠানের মালিক জ্যাকব মিল্টন। কোম্পানি প্রতিষ্ঠা করেই তিনি ক্ষান্ত হননি, নিউইয়র্কে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন বিএনপির নাম, লোগো, জিয়াউর রহমান বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করতে তিনি এখানকার বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের সাবধান করে দিয়েছেন। এ ঘটনা তা-ও তিন-চার মাস আগের।
এরপর গত অক্টোবরে বিএনপির ব্যানারে অনুষ্ঠানে অভিযোগ এনে নিউইয়র্কে দলের স্থানীয় কয়েকজন কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা করেন মিল্টন জ্যাকব। এই উদ্যোগে চিন্তিত বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকেরা বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের কাছে বিচার চান। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জ্যাকব মিল্টনেক চিঠি দিয়ে তাঁকে বিএনপির সব কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
অবশ্য জ্যাকব মিল্টন এই চিঠি পাওয়ার কথা অস্বীকার করে বলেছেন, বিএনপির নামে এখানে রাজনীতি করার কোনো আইনগত অধিকার কারও নেই। তিনি দাবি করেন, রাজনীতির নামে এখানে অনেকেই অনেক কিছুই করছেন, যা আমেরিকার আইন অনুযায়ী অবৈধ।
২৮ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘এমতাবস্থায় আপনাকে পরামর্শ দেওয়া যাচ্ছে যে বিএনপির নাম, লোগো এবং বিএনপির অ্যাফিলিয়েটেড সবকিছু ব্যবহার থেকে অবিলম্বে বিরত হোন। বিএনপি ও বিএনপি সম্পর্কিত নামে যেসব কোম্পানির মালিকানা দাবি করে আপনি ব্যবহার করছেন, সেগুলো থেকেও বিরত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল লিখেছেন, ‘আইন অনুযায়ী বাংলাদেশের বাইরে বিএনপির কোনো শাখা কিংবা চ্যাপ্টার নেই। এবং আইনগতভাবে আপনি বিএনপির কোনো ধরনের মালিকানাও দাবি করতে পারেন না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে জ্যাকব মিল্টন বলেন, মির্জা ফখরুলের এই চিঠির কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, ‘বিএনপির নাম, লোগো ব্যবহার করে যাঁরা যুক্তরাষ্ট্রে রাজনীতি করছেন, তাঁরা সম্পূর্ণ বেআইনি কাজ করছেন। আইনিভাবে কেউ আমার উদ্যোগকে মোকাবিলা করতে গেলে বা যাঁরা এই উদ্যোগের বিরোধিতা করছেন, তাঁদের সবাই ক্ষতিগ্রস্ত হবেন। জ্যাকব মিল্টন বলেন, ‘স্বদেশিদের বিপদে ফেলতে চাই না বলেই আমি এসব নিয়ে এখনো ঘাঁটাঘাঁটি থেকে বিরত আছি।’
গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টিতে অবস্থিত সুপ্রিম কোর্টে জ্যাকব মিল্টন এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় শরাফত হোসেন বাবু, আকতার হোসেন বাদল, জসীমউদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুলসহ আটজনকে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন, ‘আমি জানি না জ্যাকব মিল্টন কোন উদ্দেশ্যে বিএনপিকে নিজের দখলে নিতে চান। তবে তিনি যেভাবে বিএনপির কর্মী-সমর্থকদের জিয়াউর রহমান, বিএনপির নাম-লোগো ব্যবহারে বাধা সৃষ্টি করতে মামলার মাধ্যমে উদ্যোগ নিয়েছেন, তিনি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছেন।’ তিনি বলেন, ‘আমদের বিশ্বাস, জ্যাকব মিল্টন যে মামলা করেছেন, সেটা ৮ ডিসেম্বরের শুনানিতে বাতিল হয়ে যাবে।’
জ্যাকব মিল্টন নিউইয়র্কে লিগ্যাল নেটওয়ার্ক এলএলসি নামক একটি প্রতিষ্ঠানের মালিক। বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, জ্যাকব মিল্টনের বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে।