'বিনিয়োগ উৎসাহিত করতে কর্মসূচি দরকার'

বাংলাদেশের বর্তমান উন্নতি উন্নয়নকামী দেশগুলোর জন্য উদাহরণস্বরূপ। একদিকে উন্নয়নের সূচকে এশিয়ার মধ্যে সর্বোচ্চ অবস্থানে। অন্যদিকে পারিপার্শ্বিক নানা অবস্থা বিবেচনায় অনেক পেছনে আছি আমরা। বোদ্ধা অর্থনীতিবিদের চিন্তার বা গবেষণার খোরাক হিসেবে কাজ করছে বাংলাদেশ।
প্রথম আলো উত্তর আমেরিকাকে কথাগুলো বলেছেন অর্থনীতিবিদ ও উন্নয়ন সংগঠক ড. আহমদ আল কবীর। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় আট শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৩ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রায় ১৬ বিলিয়ন ডলারের মত। প্রায় ৪০ বিলিয়ন ডলারের মত রপ্তানি আয় হচ্ছে। এসব উন্নয়নের অগ্রযাত্রা আমাদের একদিকে যেমন উৎসাহ জোগাচ্ছে, পাশাপাশি উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করার জন্য বেশ কিছু বিষয়কে আমাদের এখন বিবেচনায় আনতে হবে।
আহমদ আল কবীর বলেন, উন্নয়নের মূল প্রতিবন্ধকতা হচ্ছে অর্থনৈতিক খাতে ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। তাই মূলত আর্থিক খাতের ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
আহমদ আল কবীর বলেন, যুব সমাজকে ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ডেমোগ্রাফিক ডেভিডেন্টকে আগামী ৩০–৩৫ বছরের মধ্যে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে অবশ্যই কর্মবান্ধব শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তা না করা হলে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। এই অর্থনীতিবিদ বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ব্যবস্থাপনার জন্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের চলমান দুর্নীতি ও ব্যবস্থাপনার অদক্ষতা রোধ না করতে পারলে উন্নয়ন অগ্রযাত্রা থমকে দাঁড়াবে।
বৈদেশিক আয় বা রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির অনেকটা মূল চালিকা শক্তি বলে মনে করেন ডা. আহমদ আল কবীর। তিনি বলেন, ‘আমার মতে রেমিট্যান্সের নিট আয় অন্য কোন শিল্প খাতের নিট আয় থেকে বেশি। তাই খাতকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ইনসেনটিভ দেওয়া এবং প্রণোদনা বাড়াতে হবে।
ডা. আহমদ আল কবীর সাক্ষাৎকারে বলেন, ‘শিক্ষিত প্রবাসী সাধারণত দেশে কমই অর্থ পাঠান। তবে অল্প শিক্ষিত পরিশ্রমী লোকজন শেকড়ের টানে দেশে সর্বোচ্চ অর্থ পাঠান। সরকার অবশ্যই এই প্রবাসীদের উৎসাহিত করতে ইনসেনটিভের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের বন্ড চালু করা, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়সহ অন্যান্য আধুনিক কর্মসূচির মাধ্যমে উৎসাহ দেওয়ার সময় এসেছে। আমাদের নতুন প্রজন্মের প্রবাসীরা এ ধরনের সুযোগ পেলে দেশে বিনিয়োগে উৎসাহিত হবে।’