'বিভ্রান্তি ছড়ানোর জন্য' ফেসবুকের সমালোচনা ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ‘মিথ্যা কাহিনি ছড়ানোর জন্য’ ফেসবুকের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে ভুয়া খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগও প্রকাশ করেন তিনি।
প্রেসিডেন্ট ওবামা বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত ভুয়া খবর এই নির্বাচনে মিথ্যা ছড়াচ্ছে।
নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে গত সোমবার মিশিগান ইউনিভার্সিটিতে এক সমাবেশে দেওয়া বক্তব্যে ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ এসব খবর ফেসবুকে থাকে ও লোকজন তা দেখে; ততক্ষণ তারা তা বিশ্বাস করতে থাকে।
এসএফগেট ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্টারনেটভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান বাজফিডের এক সাম্প্রতিক তদন্তে দেখা গেছে, ফেসবুকে শেয়ার হওয়া রাজনৈতিক খবরাখবরের ৩৮ শতাংশই ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যসংবলিত। ফেসবুক কর্তৃপক্ষ কয়েকবারই বলেছে, নিউজ ফিড থেকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত খবরাখবর ছেঁকে বাদ দেওয়ার প্রক্রিয়া উন্নত করতে কাজ করছে তারা।