'বিশ্বের পুলিশ' হওয়া নিয়ে অবস্থান বদলাচ্ছেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র আর বিশ্বের পুলিশের দায়িত্ব পালন করবে না। কিন্তু বিদেশে সম্প্রতি দুটি বড় ধরনের মার্কিন সামরিক হামলার পর থেকে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি তাঁর মন পরিবর্তন করেছেন?
ট্রাম্প প্রশাসনের মাস তিনেকের কার্যক্রম দেখেশুনে মনে হচ্ছে, প্রেসিডেন্ট তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ মতবাদ থেকে ক্রমেই সরে যাচ্ছেন। অথচ তাঁর ওই স্লোগান আর বিশ্বমঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার অঙ্গীকারই নির্বাচনে ভোটারদের মনে বিশেষ প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। ট্রাম্পের কিছু পররাষ্ট্রনীতিতে সেই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছাপ আছে। আন্তর্জাতিক সহায়তাসহ কূটনৈতিক খাতে ব্যয় সংকোচন এর একটি। কিন্তু সম্প্রতি সিরিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আকস্মিক ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমা হামলা অন্য কিছু ভাবতেই বাধ্য করছে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার ব্যবহার ও বিশ্বমঞ্চে অবস্থান সংহত করার চেষ্টাই ফুটে ওঠে এসব কার্যক্রমে।
যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের পরিসর বাড়ানোয় কেউ কেউ উদ্বিগ্ন। অনেকে মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন হয়তো হোয়াইট হাউসকে যুক্তরাষ্ট্রের প্রথাগত পররাষ্ট্রনীতির পথেই নিয়ে যাচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ব্যারি পাভেল বলেন, ‘কোনো সুনির্দিষ্ট অবস্থানের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এটা খুবই অল্প সময়। আমার মনে হয় না, এমন অবস্থায় কোনো প্রেসিডেন্টেরই সুনির্দিষ্ট কোনো অবস্থান তৈরি হতে পারে। তবে নিশ্চিতভাবেই আমরা আরও বেশি সামরিক শক্তি প্রয়োগ দেখতে পাচ্ছি।’
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার নয় দিন পরেই ট্রাম্প ইয়েমেনে আল-কায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্য ছাড়াও নিহত হন ২০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের ওপর চড়াও হতে গত সপ্তাহে মার্কিন বাহিনীকে আরও বেশি ক্ষমতাও তিনি দিয়েছেন।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির শিক্ষক সেনাবাহিনীর সাবেক কর্নেল পিটার মনসুর বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামরিক কমান্ডারদের হামলার জন্য কিছুটা স্বাধীনতা দিয়েছেন এবং তাঁরা হামলা চালাচ্ছেন। আমার ধারণা, এর মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্র ফিরে এসেছে।’
যুক্তরাষ্ট্রের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমানে জার্মান মার্শাল ফান্ডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেরেক চোলেট বলেন, ‘আমার ধারণা, সামরিক বাহিনীর হাতে অনেক কর্তৃত্ব ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সিদ্ধান্ত নেওয়ার অনেক ক্ষমতাই দেওয়া হয়েছে তাদের।’
এই বিষয়গুলো ছাড়া ন্যাটো জোটের ব্যাপারেও আগের কট্টর অবস্থান থেকে অনেকখানি সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের ব্যাপারেও দৃশ্যত নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করেছেন। অবস্থান বদলের ব্যাপারে সম্প্রতি একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ৫ এপ্রিল জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি নিজে অত্যন্ত নমনীয় মানুষ হতে চাই। আমাকে নির্দিষ্ট একটা পথেই চলতে হবে, তার কোনো মানে নেই। বিশ্বে যদি পরিবর্তন ঘটে, আমাকেও সে পথে চলতে হবে।’