মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আজ সোমবার তাঁর ভাষায়,‘সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছেন। হোয়াইট হাউস বলেছে, ‘আমেরিকান ক্লিন পাওয়ার প্ল্যান’ শিরোনামের এই পরিকল্পনায় মার্কিন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একগুচ্ছ কঠোর আইন ও নীতিমালা থাকছে। খবর এএফপি ও গার্ডিয়ানের।
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে পোস্ট করা ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় গতকাল রোববার। ওই ভিডিওতে ওবামা বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে, কঠোর পদক্ষেপ ছাড়া বৈশ্বিক জলবায়ু আরও চরমভাবাপন্ন হয়ে উঠবে। হাঁপানির মতো অসুখ আরও বাড়বে।’ ভিডিও বার্তায় ওবামা বলেন, ‘জলবায়ু পরিবর্তন অন্য কোনো ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা নয়—সেদিন আর নেই।’
ওবামা বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো কার্বন দূষণের একক বৃহত্তম উৎস। এর ফলেই ঘটছে জলবায়ু পরিবর্তন।
২০০৮ সালে নিজের প্রথম দফা নির্বাচনী প্রচারণার সময় ওবামা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রতিশ্রুতি দেন। তবে তিনি ভিডিওতে বলেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে এসব কার্বন নিঃসরণকারী বিদ্যুৎকেন্দ্রকে কোনো মাত্রা নির্ধারণ করে দেওয়া সম্ভব হয়নি।’ মাত্রা নির্ধারণ না করে দিলে, ওবামার ভাষায়, ‘বিদ্যুৎকেন্দ্রগুলো বায়ুতে ক্ষতিকর মাত্রায় কার্বন নিঃসরণ করতেই থাকবে।’
ওবামা বলেন, ‘আমাদের শিশুদের কথা ভেবে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এই নিঃসরণ বন্ধ করতে হবে। অবস্থার পরিবর্তন করতে হবে।’
স্পর্শকাতর প্রস্তাব: প্রাথমিক প্রস্তাবে ওবামা ২০০৫ সালের মাত্রাকে ধরে ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণের মাত্রা ৩২ শতাংশ কমিয়ে আনার কথা বলবেন বলে মনে করা হচ্ছে। আগে এই মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০ শতাংশ। তবে ওবামার এই প্রস্তাব নানা প্রান্ত থেকে তীব্র বিরোধিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। বিরোধিতাকারীদের মধ্যে আছে বিরোধী দল, শিল্পপ্রতিষ্ঠানগুলো। আইনি নানা প্রতিবন্ধকতা তো আছেই।
যুক্তরাষ্ট্রে যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটে, এর ৪০ শতাংশই ঘটে বিদ্যুৎকেন্দ্র থেকে। জলবায়ু পরিবর্তনে যেসব গ্রিনহাউস গ্যাস দায়ী, কার্বন ডাই-অক্সাইড এর অন্যতম। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশির ভাগের প্রধান জ্বালানি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী কয়লা ও তেলের মতো বিভিন্ন জীবাশ্ম জ্বালানি। দেশটির বিদ্যুৎ সরবরাহের শতকরা ৩৭ ভাগই আসে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে।
হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, ‘গ্রিনহাউস গ্যাস কমাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নেওয়া এযাবৎকালের পদক্ষেপের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আগামী দশকগুলোতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে একটি ভিত্তি হিসেবে কাজ করবে এই পদক্ষেপ।’
কার্বন নিঃসরণে এই কড়াকড়ি আরোপের পর যুক্তরাষ্ট্রে কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা কমে আসবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।
শিল্প প্রতিষ্ঠানগুলো এবং কিছু কংগ্রেস সদস্য বলেছেন, এই প্রস্তাবের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।