'বেজমেন্টালে'র শৌখিন শিল্পীদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইছেন বেজমেন্টালের শিল্পীরা
গান গাইছেন বেজমেন্টালের শিল্পীরা

নিজেদের শিল্পী বলে দাবি না করেও নিউইয়র্কের এস্টরিয়ায় বৈশাখী রেস্টুরেন্টের বেজমেন্টের অনাড়ম্বর পরিবেশে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় গান গাইলেন নিউইয়র্কবাসী বাংলাদেশিদের শৌখিন মিউজিক ব্যান্ড ‘বেজমেন্টাল’-এর সদস্যরা। অবশ্য এই দলের সবার গুরু রবিউল করিম লডি বাংলাদেশের খ্যাতিমান প্রয়াত পপগুরু আজম খানের দলের গিটারিস্ট ছিলেন।
দলের অন্যতম সদস্য মাহবুব রুমীর বাড়ির বেজমেন্টে কর্ম অবকাশে তাঁরা ‘বেজমেন্টাল’-এর নিয়মিত চর্চা চালিয়ে যান। নিজেদের আনন্দ আড্ডার মাধ্যম হিসেবে গানের চর্চাকে আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের সামনে হাজির করার মূল উৎসাহদাতা শাহীন ইবনে দিলওয়ারের আমন্ত্রণে আমিও গিয়েছিলাম সেখানে। জনাতিরিশেক দর্শকের সামনে মনের আনন্দে গান গাইলেন তাঁরা। গেয়েছেন জাহাঙ্গীর লেনিন, টিপু আলাম, শাহীন ইবনে দিলওয়ার, মাহবুব রুমী, মিনহাজ আহমেদ সাম্মু, আরিফ মাহমুদ শৈবাল ও রবিউল করিম লডি। তালিকার বাইরের গায়কের মধ্যে ছিলেন আকবর হায়দার কিরন।
২০১৭ সালের মে মাসে আমেরিকায় আসার মাসখানেকের মধ্যেই একদিন এই ‘বেজমেন্টাল’ দলেরই একজন আকবর হায়দার কিরনের সঙ্গী হয়ে উপস্থিত হয়েছিলাম তাঁদের আসরে। কয়েক ঘণ্টা তাঁদের সঙ্গে কাটিয়ে স্বতঃস্ফূর্তভাবে গান গাইতে দেখে ও শুনে খুব ভালো লেগেছিল। কিন্তু তাঁদের এই চর্চা যে তাঁদের অন্তরকে গানে গানে রঞ্জিত করে ফেলেছে তা অনুভব করলাম সেদিনের অনুষ্ঠানে। নিউইয়র্কবাসী খ্যাতিমান সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস ও প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানও মনোযোগ সহকারে এই দলের গান শুনে আনন্দ পেয়েছেন।
অনুষ্ঠান শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ঘণ্টাখানেকেরও পরে। উপস্থিত হয়ে অনুভব করলাম, নিজেদেরই যেহেতু সবকিছু গুছিয়ে নিতে হয়েছে এবং তাঁরা নিজেদের শৌখিন বলছেন সুতরাং সব কাজ করতে সময় একটু বেশি লাগেছ। অবশ্য আমেরিকাবাসী বাংলাদেশিদের কাছে সময়ের এই বিলম্বকে অস্বাভাবিক মনে করতে দেখি না! এখানকার বাংলাদেশি জনসমাজের অধিকাংশ অনুষ্ঠানই তো নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়ে থাকে উদ্যোক্তাদের মধ্যে কোনো রকম অস্বস্তি তৈরি না করে!
একেবারে শুরুতেই ‘বেজমেন্টাল’-এর সদস্যরা সম্মিলিতভাবে যন্ত্রসংগীত বাজিয়ে একটা আবহ সৃষ্টি করেন। প্রথমে গান গাইলেন জাহাঙ্গীর লেনিন। তিনি গাইলেন নিজের কথা ও সুরে আজম খানের তিন বিখ্যাত গান ‘সারা রাত জেগে জেগে’, ‘আসি আসি বলে তুমি’ ও ‘কাঙ্গাল হইলে ভবে’। তাঁর গায়ন আজম খানের গায়ন রীতিকে মনে করিয়ে দিচ্ছিল।
এর পর গাইলেন টিপু আলম। তিনি গাইলেন ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের ‘মন কী যে চায়’, জেমসের ‘নগর বাউল’ ব্যান্ডের ‘সুন্দরীতমা’, আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’ ব্যান্ডের ‘সেই তুমি’ এবং ‘গতকাল রাতে’। দুজনের গান শুনতে শুনতেই অনুষ্ঠানে উপস্থিতির আনন্দ যে শ্রোতারা উপভোগ করছেন তা অনুভব করতে লাগলাম।
এর পর গাইলেন শাহীন ইবনে দিলওয়ার। তিনি নিজে কবিতা লেখেন, ছড়া লেখেন জানি। কিন্তু তিনিও যে গানে পারঙ্গমতা অর্জন করেছেন ‘বেজমেন্টাল’-এর আড্ডায় গান গাইতে গাইতে সেটা সেদিনই জানলাম। প্রথমে তিনি গাইলেন পপগুরু আজম খানের কথা ও সুরে ‘চাঁদকে ভালোবেসো না’, পরে নিজের লেখা ও দলগুরু রবিউল করিম লডির সুরে গাইলেন ‘কানাকানি করে মন’ ও ‘দেহের মেশিন অচল হইলে’!
মাহবুব রুমীও গাইলেন তিনটি গানই। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরের ‘ভিনদেশি তারা’, আজম খানের কথা ও সুরে ‘চুপ চুপ চুপ অনামিকা চুপ’ এবং জলের গান ব্যান্ডের শাওন ও রাহুলের ‘এমন যদি হতো’।
বাংলাদেশি জনসমাজ কর্মী হিসেবে পরিচিত মুখ মিনহাজ আহমেদ সাম্মু শুরু করলেন হাসন রাজার ‘মাটিরও পিঞ্জিরার মাঝে’ দিয়ে, এরপর গাইলেন ফেরদৌস ওয়াহিদের কথা ও সুরে ‘এমন একটা মা দে না’, এবং রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্-র ‘আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে’।
আরিফ মাহমুদ শৈবাল গাইলেন আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’ ব্যান্ডের ‘তারা ভরা রাতে’, চন্দ্রবিন্দু ব্যান্ডের ‘মন হাওয়ায় পেয়েছি’ এবং লাকী আখন্দর কথা ও সুরের বিখ্যাত ‘এই নীল মনিহার’।
দিনের তালিকাভুক্ত শেষ শিল্পী ছিলেন দলের অন্য সদস্যদের গুরু রবিউল করিম লডি। তিনি গাইলেন আজম খানের কথা ও সুরে ‘আমি যারে চাইরে’ এবং নিজের কথা ও সুরে ‘এই আগুন যে দিয়ে যায়’ ও ‘আমার মঝে রুহু নেই’। সবশেষে তালিকার বাইরে গাইলেন আকবর হায়দার কিরন।
অনুষ্ঠানটি মূলত সঞ্চালনা করছেন শাহীন ইবনে দিলওয়ার। ব্যবস্থাপনায় তাঁর সঙ্গে আরও ছিলেন আশরাফুল হাবিব চৌধুরী মিহির!
অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। শ্রোতা হিসেবে তাঁদের গান শোনা ছিল আনন্দময় অভিজ্ঞতা! শাহীন ইবনে দিলওয়ার খুব অল্প কথায় যথার্থভাবে উপস্থাপন করছিলেন শিল্পীদের। দর্শকদের মধ্য থেকে মাঝে মাঝেই ‘ওয়ান মোর’ ধ্বনি উঠছিল। কিন্তু মাঝে মাঝেই প্রস্তুতির সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছিলেন যে তালিকার বাইরে গান গাইতে অনুরোধ করা যাবে না!
অন্য কাজে তাড়ার কারণে সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের বক্তব্য শুনবার আগেই চলে এসেছিলাম অনুষ্ঠান স্থল থেকে। কিন্তু পরে কী বলেছেন তার ছিটেফোঁটা শুনে মনে হলো তাঁর মূল্যবান কথা শোনা থেকে বঞ্চিত হয়েছি। তাই আরিফ মাহমুদ শৈবালের সহযোগিতায় উদ্ধার করছি তাঁর বক্তব্য।
তাঁকে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি তাঁর স্বভাবসুলভ সরস ঢঙে বলেন, অনুষ্ঠান চলার সময় মঞ্চ থেকে বিভিন্ন সময় আমাকে গান সম্পর্কে মন্তব্য করতে প্ররোচিত করা হয়েছে। কিন্তু আমি সংকল্পবদ্ধ ছিলাম ওখানে শ্রোতার আসনে বসে আমি কিছুতেই মুখ খুলব না, যা বলার মাইক্রোফোনে এসে বলব।
তারপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে উদ্ধৃত করেন,
“হেথা যে গান গাইতে আসা আমার
হয়নি সে গান গাওয়া,
আজও কেবলই সুর সাধা, আমার
কেবল গাইতে চাওয়া।”
তিনি বলেন, ‘আমরা কেউই সেই গান কি আর গাইতে পারি? পারি না। আমরা সবাই কেবল গান গাওয়ার চেষ্টা করি। এই চেষ্টাটাই চালিয়ে যেতে হবে। আজ আপনাদের এই অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। মাঝে কেউ একজন মজা করে জানতে চেয়েছিল কার গান আমার কাছে সবচেয়ে অসহ্য লেগেছে। কিন্তু আপনারা আমার অভিব্যক্তিতে কি বিন্দুমাত্র বিরক্তি বা অস্বস্তি ফুটে উঠতে দেখেছেন? সত্যি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছি। গানের কোথায় তালটা ছুটে গেছে, কোথায় স্কেল থেকে সরে গেছে সেটি আর মনে থাকেনি। ক্যাসেটে, সিডিতে যে গান আপনারা শুনতে পান সেটা ফিনিশড প্রোডাক্ট।
কল্পনাও করতে পারবে না যে কতবার গাইবার পরে, ঘষেমেজে ওভাবে উপস্থাপন করা হয়। সেখানে এভাবে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি যেভাবে আপনার বাজালেন এবং গাইলেন তা সত্যি প্রশংসার দাবিদার।
কিছু বিষয় আমার ব্যতিক্রমী লেগেছে। এখানে দলের প্রত্যেকেই গান গেয়েছেন যাতে আমি গণতন্ত্র দেখতে পেয়েছি। আর ভালো লেগেছে আপনারা কোনো ভান-ভণিতা ছাড়াই গান গাওয়ার চেষ্টা করেছেন।
একেকটা ফলের স্বাদ একেক রকম। যেমন, বেল খেতে বসে এর মধ্যে কমলালেবুর স্বাদ খুঁজতে চাওয়া বোকামি। আমিও তেমনি এখানে রবীন্দ্রসংগীত বা উচ্চাঙ্গসংগীত শুনব সেই প্রত্যাশা করে আসিনি। আপনার যা গেয়েছেন তা আমার ভালো লেগেছে। আজকাল সবখানে অস্থিরতা। রাজনীতি করতে যাবেন সেখানে দলাদলি, সংঘাত। ধর্ম করতে যাবেন সেখানেও সংঘাত, বিভক্তি। এমন একটি সমাজে সংগীত আপনাদের একত্রিত করেছে, নিয়ম করে আপনারা প্রতি সপ্তাহে প্র্যাকটিস করছেন, সংগীতের টানে একে অপরকে সহযোগিতা করছেন, দল বেঁধে সংগীত করছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আপনাদের কাউকে আমি এত দিন জানতাম সমাজকর্মী বা অন্য পেশার মানুষ হিসেবে। আপনারা যে গানও করেন তা আমি জানতাম না। আপনারা কী চমৎকার গিটার বাজালেন। আমার মনে হচ্ছিল বয়সটা একটু পক্ষে থাকলে আমিও গিটার বাজানো শিখতাম, আপনাদের দলে ঢুকে যেতাম। তিনি আন্তরিকভাবে সবাইকে আলাদা আলাদা করে প্রশংসা করেন। ভবিষ্যতে অনুষ্ঠান হলেও যেন আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি সেই আগাম প্রত্যাশা জ্ঞাপন করেছেন।”