'বোকারা কবে বুঝবে?'

ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলনে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির খবরে জানা যায়, এক টুইটে ট্রাম্প বলেছেন, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন চলাকালে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়নি। তবে পারিপার্শ্বিক কয়েকটি অনুষ্ঠানে তাঁদের মধ্যে আলোচনা হয়। তাঁরা সিরিয়া সংকট এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করার অভিযোগ নিয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, পুতিন বলেছেন, তিনি নির্বাচনে কোনোরকম মধ্যস্থতা করেননি।
এক টুইটে ট্রাম্প বলেন, পরশ্রীকাতর ও বোকারা কবে বুঝতে পারবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখাটা যুক্তরাষ্ট্রের পক্ষে ভালো। খারাপ নয়। তাঁরা সব সময় দেশের জন্য ক্ষতিকর রাজনৈতিক খেলা খেলে। আমি উত্তর কোরিয়া, সিরিয়া, ইউক্রেন, সন্ত্রাসবাদ দমন করতে চাই। আর এতে রাশিয়া সহায়তা করতে পারে।
গত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আনা গণতন্ত্রের ওপর আঘাত। ট্রাম্প আরও অভিযোগ করেন, বারাক ওবামার সঙ্গে পুতিনের যোগাযোগের ঘাটতি ছিল।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনার। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে। আরও অভিযোগ, নির্বাচনে ইউক্রেন ও জর্জিয়ারও হাত রয়েছে। তবে এর কোনো সমাধান মেলেনি। ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।