'বোমার ঘূর্ণিঝড়ে' জীবনযাত্রা স্থবির

তুষার ঝড় ‘বোম্ব সাইক্লোন’ (বোমার ঘূর্ণিঝড়ে) যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গত বুধবার (স্থানীয় সময়) রাত থেকে শুরু হওয়া এই ঝড় ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ মাইল বেগে বয়ে যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ছয় থেকে নয় ইঞ্চি তুষারপাতের কথা বলা হয়েছিল, ইতিমধ্যে প্রায় ৪/৫ ইঞ্চি তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা (স্থানীয় সময়) পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় সরকার কর্তৃক ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস বন্ধ। অধিকাংশ দোকানপাটের ঝাপ বন্ধ। তুষার ঢাকা রাস্তায় জরুরি সেবা প্রদানকারী গাড়ির চলাচল। ক্যাব চালকদের অনেকেই পরিবার পরিজনের সঙ্গে বাসায় অলস সময় পার করছেন। ক্যাসিনোগুলোতে লোক সমাগম নেই বললেই চলে।

আটলান্টিক সিটিতে বসবাসরত অন্যান্য অধিবাসীদের মতো প্রবাসী
বাংলাদেশিরাও এখন প্রতীক্ষার প্রহর গুনছেন কখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ হবে, ফিরে যাবে স্বাভাবিক জীবনযাত্রায়।