'ব্যাটমান' ছবির খলনায়কের কথা ট্রাম্পের মুখে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খলনায়ক বেইন
খলনায়ক বেইন

এযাবৎ অনেক ব্যক্তির সঙ্গেই তুলনা করা হয়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এই তালিকায় সম্ভবত ছিল না কোনো গল্পের খলনায়কের নাম। কিন্তু এবার যেন সে ঘাটতিও দূর হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, শুক্রবারের অভিষেক ভাষণের বক্তৃতায় ট্রাম্পের কিছু কথার সঙ্গে ব্যাটম্যান চলচ্চিত্রের খলনায়ক বেইনের সংলাপের মিল আছে।
শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর অভিষেকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা ওয়াশিংটন ডিসি থেকে ক্ষমতা হস্তান্তর করছি এবং তা আপনাদের অর্থাৎ জনগণের হাতে ফিরিয়ে দিচ্ছি।’
ট্রাম্পের ভাষণের পরপরই টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা উল্লেখ করেন, নতুন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে ক্রিস্টোফার নোলানের তিন পর্বের ব্যাটম্যান চলচ্চিত্রের শেষ পর্ব দ্য ডার্ক নাইট রাইজেস-এর মুখোশধারী খলনায়ক বেইনের কথার লক্ষণীয় রকম মিল রয়েছে। ওই ছবিতে ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনীতিবিদদের সমালোচনা করে জনসমর্থন আদায় করেন অভিনেতা টম হার্ডি অভিনীত চরিত্র বেইন। যুক্তরাষ্ট্রের কাল্পনিক শহর গোথামের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেইন বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত, ধনী ও প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যাচারকারীদের কাছ থেকে গোথামের নিয়ন্ত্রণ নিয়েছি, যারা আপনাদের সুযোগ থেকে বঞ্চিত করে দমিয়ে রেখেছিল এবং তা আপনাদের অর্থাৎ জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছি।’
এর আগে গত জুলাইয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার দেওয়া ভাষণে সদ্য সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ২০০৮ সালের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া ভাষণের কিছু অংশ নকল করার অভিযোগ উঠেছিল।