'ব্রেক্সিটে'র বিরুদ্ধে হুঁশিয়ারি ওবামার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়া (যেটি ‘ব্রেক্সিট’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে) নিয়ে যুক্তরাজ্যকে গত শুক্রবার আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছেন, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে বাণিজ্য চুক্তির সময় লন্ডনকে রাখা হতে পারে একেবারে পেছনের সারিতে।
ওবামার এই মন্তব্যের মধ্য দিয়ে ব্রেক্সিট নিয়ে ওয়াশিংটনের বাড়তি উদ্বেগের বিষয়টি আরও স্পষ্ট হলো।
চার দিনের যুক্তরাজ্য সফরের শুরুতে এর আগে শুক্রবারই ডেইলি টেলিগ্রাফ-এ লেখা এক নিবন্ধে ওবামা যুক্তরাজ্যের ইইউতে থেকে যাওয়ার পক্ষে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন।
২৮ দেশের জোট ইইউতে থাকা না-থাকার প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এই ইস্যুতে শুক্রবার লন্ডনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাজ্যবাসীরা ইইউ ছাড়ার পক্ষে গেলে কী হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, হয়তো একপর্যায়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেওয়া হতে পারে। তবে খুব দ্রুতই এমনটা হচ্ছে না। বারাক ওবামা বলেন, ব্রিটেন তখনই সেরা ছিল, যখন শক্তিশালী ইউরোপের নেতৃত্ব দিতে দেশটি সহায়ক ছিল। এদিকে গতকাল শনিবার লন্ডনের টাউন হলে তরুণদের বৈশ্বিক ইস্যু থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার জন্য আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
অনেকেই মনে করছেন, আগামী জানুয়ারিতে মেয়াদ শেষ হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বারবার দুই দেশের মধ্যকার ‘বিশেষ সম্পর্কের’ কথা তুলে ধরে আরেক দেশের (যুক্তরাজ্যের) রাজনীতিতে গভীরভাবে হস্তক্ষেপই করছেন।