
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ‘হুজুর ভাসানী’র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেছেন, মওলানা ভাসানী ছিলেন অনেক বড় মাপের নেতা। তিনি নিজে নিজে নেতা হননি। জনগণই তাঁকে নেতা বানিয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব আর বাংলাদেশেরই নেতা ছিলেন না, ছিলেন আফ্রো-এশিয়ার সকল মানুষের নেতা। ছিলেন নেতাদের নেতা।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ ‘বন্ধু প্রতিম ভারত যেভাবে রাষ্ট্রীয় আগ্রাসন চালাচ্ছে’ তা প্রতিরোধে মওলানা ভাসানীর মতো নেতা প্রয়োজন। আর এই আগ্রাসন চলতে থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কিনা তাই প্রশ্ন হয়ে দাঁড়াবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক, ইউএসএ সম্মেলনের আয়োজন করে। সিটির জ্যাকসন হাইটস্থ পিএস-৬৯ মিলনায়তনে গত ১৯ নভেম্বর রোববার অপরাহ্ণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ টিপু সুলতান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মওলানা ভাসানীর ওপর এম. ফিল এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডিধারী ড. লেইলি উদ্দিন। সম্মেলনে কী নোট স্পিকার ছিলেন মওলানা ভাসানীর ওপর পিএইচডিধারী কানাডার ডাউসন কলেজের অধ্যাপক ড. আবিদ বাহার। এ ছাড়া প্যানেল স্পিকার ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. গুলশান আরা, ড. মাহফুজুর রহমান ও ড. দেলোয়ার হোসেন। সম্মেলনে মওলানা ভাসানীর ওপর ডকুমেন্টারি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ড্রেক্সেল ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। উল্লেখ্য, এবারের সম্মেলন ছিল ভাসানী ফাউন্ডেশনের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী ইমামের উপস্থাপনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ইউসুফজাই সালু, ভাসানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক দেওয়ান সামসুল আরেফীন, ফাউন্ডেশনের সহ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাপ্তাহিক ঠিকানা’র প্রেসিডেন্ট ও সিইও সাঈদ-উর রব, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ সোসাইটির’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, অ্যাটর্নি শান্তলী হক, ইউএনডিপি-তে কর্মরত কাজী আফজালুর রহমান, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব রশিদ খান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য কে এম এস এ কায়সার, ডা. সাইদুর রহমান, ডা. হাসান সারওয়ার, ডা. এম ডি আক্তার হোসেইন, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী বেলাল।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলন ও অধ্যাপক দেলোয়ার হোসেন, সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংবাদিক ইমরান আনসারী, অ্যাডভোকেট মুনির হোসেন, মানবাধিকার সংগঠন ড্রাম-এর অর্গানাইজিং পরিচালক কাজী ফৌজিয়া, সাবেক ছাত্রনেতা কাজী মোস্তফা ফরিদ প্রমুখ।
সম্মেলনের শুরুতে মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী আজহারুল হক মিলন। সম্মেলনে মওলানা ভাসানীর ওপর লেখা কবিতা আবৃত্তি করেন লুবনা কাইজার ও কাজী ফৌজিয়া। সম্মেলনে ড. লেইলি উদ্দিন ও ড. আবিদ বাহারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ‘ভাসানী’ বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন সাংবাদিক মঈনুদ্দীন নাসের।
সম্মেলনে বক্তারা বলেন, মওলানা ভাসানী প্রকৃত অর্থে চিনতে আর জানতে হলে তাঁর ওপর পড়াশোনা করা দরকার। তাঁকে নিয়ে আরও গবেষণা দরকার। আর সেই কাজটি না করে অনেকেই তাঁর আদর্শ নিয়ে রাজনীতি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছেন। কেউ কেউ ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন। যা দুঃখজনক। বক্তারা বলেন, দেশ ও প্রবাসের সকলের কাছে মাওলানা ভাসানীকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও তাঁকে তুলে ধরতে হবে।