'ভুলে' অ্যানথ্রাক্সের জীবাণু বাইরে পাঠাল মার্কিন সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ‘ভুল করে’ দেশের অন্তত নয়টি পরীক্ষাগার এবং দক্ষিণ কোরিয়ায় তাদের এক সামরিক ঘাঁটিতে অ্যানথ্র্যাক্সের তাজা জীবাণুর নমুনা পাঠিয়েছে। মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের প্রতিরক্ষা বিভাগের এক পরীক্ষাগার থেকে অ্যানথ্রাক্সের নমুনা ‘অনবধানতাবশত’ বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
অ্যানথ্রাক্সের জীবাণুর সম্ভাব্য সংক্রমণ এড়াতে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির ২২ জন সেনাকে আগাম চিকিৎসা দেওয়া হচ্ছে। পেন্টাগন বলছে, প্রশিক্ষণ চলাকালে কোরিয়ার সামরিক ঘাঁটির কর্মকর্তারা অ্যানথ্রাক্সের নমুনার সংস্পর্শে এসে থাকতে পারেন। তবে ঝুঁকি কম। এখন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে চারজন বেসামরিক ব্যক্তিকেও এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেন, ‘নিয়ম মেনে পাঠানো এসব অ্যানথ্র্যাক্সের নমুনা ধ্বংস করে ফেলা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
বিশেষজ্ঞরা এ ধরনের ‘ভুলের’ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও সাবধানতা অবলম্বনের পক্ষে মত দিয়েছেন তাঁরা।