'ভেবেছিলাম, আমি মারা যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসে হার্নান্দেজ
জেসে হার্নান্দেজ

‘ভেবেছিলাম, আমি মারা যাচ্ছি। বেঁচে ফিরতে পারব এটি কল্পনা করতে পারিনি।’ ১৩ বছর বয়সী জেসে হার্নান্দেজের উক্তি এটা। লস অ্যাঞ্জেলেসের পয়োনিষ্কাশন নালায় পড়ে গিয়েছিল সে। ১২ ঘণ্টারও বেশি সময় আটকে ছিল সে সেখানেই। পরে এক শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধারের পর কিশোরটির প্রথম উক্তি ছিল এটি।
ঘটনাটি ১ এপ্রিলের। লস অ্যাঞ্জেলেসের একটি ম্যানহোলে ওই দিন পড়ে যায় জেসে। এর পর ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেই পয়োবর্জ্যের মধ্যে সে অবরুদ্ধ ছিল। পরে অগ্নি নির্বাপণ বিভাগের নেতৃত্বে এক সমন্বিত অভিযানে উদ্ধার করা হয় তাকে। কে ছিল না এই অভিযানে? পুলিশ, হাইওয়ে পুলিশ, নগর চিত্তবিনোদন ও উদ্যানরক্ষী, পানি ও বিদ্যুৎ বিভাগ, পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং ও কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো— এই সব সংস্থার সমন্বিত চেষ্টাতেই উদ্ধার করা গেছে কিশোরটিকে।
দুর্ঘটনাটি ঘটে লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কের পাশে একটি সড়কে। গ্রিফিথ পার্কে ১ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে জেসের পরিবারের সদস্যরা জড়ো হয়েছিল। পার্কের জীর্ণ পরিত্যক্ত একটি ঘরে বিকেলে খেলছিল জেসে। খেলতে খেলতেই সড়কের মাঝে কাঠ দিয়ে ঢাকা একটি ম্যানহোলের ওপর গিয়ে দাঁড়ায় সে। তৎক্ষণাৎ কাঠের ঢাকনা সরে গিয়ে একেবারে পয়োনিষ্কাশন পাইপের ভেতরে পড়ে যায় কিশোর জেসে। উদ্ধারকর্মীরা প্রায় বারো ঘণ্টার নিরলস অনুসন্ধানের পর পরদিন ২ এপ্রিল ভোরে জেসেকে খুঁজে পায়। জেসেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জীবাণুমুক্ত করে চিকিৎসকেরা কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখে তাকে। অবশেষে জেসেকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা।
লস অ্যাঞ্জেলেসের মেয়রের ক্রাইসিস রেসপন্স টিম জেসের পরিবারকে ধৈর্য রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে। অগ্নি নির্বাপণ বিভাগ বলেছে, ‘পুলিশ, হাইওয়ে পুলিশ, নগর চিত্তবিনোদন ও উদ্যানরক্ষী, পানি ও বিদ্যুৎ বিভাগ, পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং ও কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোর সঙ্গে অগ্নি নির্বাপণ বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এমন একটি কঠিন উদ্ধার অভিযান সফল হয়েছে।’
উদ্ধারের পেছনে জেসে’র নিজের উপস্থিত বুদ্ধিও ভূমিকা রেখেছিল। নালায় পড়ে যাওয়ার পর মাকে করা শেষ ফোনে সে বলেছিল, ‘মা আমি বেঁচে আছি। আমাকে উদ্ধার কর।’ উদ্ধারের পর জেসে হার্নান্দেজ কেসিবিএস চ্যানেলকে জানায়, ‘আমি খেলছিলাম। হঠাৎ ম্যানহোলের ওপর গিয়ে দাঁড়াই। আমি বুঝতে পারিনি যে, সেটা স্রেফ একটা কাঠের টুকরা দিয়ে ঢাকা। আমি এর ওপরে যেই না পা দিয়েছি, অমনি নিচে পড়ে গেলাম। ভেতরে স্রোত আমাকে টেনে নিয়ে গেছে। আমার মাথায় একটা চিন্তাই ঘুরছিল, আমি মরে যাচ্ছি।’
লস অ্যাঞ্জেলেসের অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, ‘পয়োনিষ্কাশন পাইপের ২ হাজার ৪০০ ফুট এলাকা ভালোভাবে অনুসন্ধান চালানো হয়। পাইপের ভেতরে ক্যামেরা প্রবেশ করানোর জন্য হাইওয়ের মাঝ দিকের একটি ম্যানহোলের ঢাকনা খোলা হয়। বাচ্চাটি পয়োনিষ্কাশন নেটওয়ার্কের ২৫ ফুট গভীরে পড়ে গিয়েছিল। সে যেখানে পড়ে গিয়েছিল, সেখান থেকে আধ মাইলেরও কিছু বেশি দূরত্বে ওকে পাই আমরা।’
জেসে হার্নান্দেজকে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করতে পেরে উল্লসিত উদ্ধারকর্মীরাও। লস অ্যাঞ্জেলেস অগ্নি নির্বাপণ বিভাগের মুখপাত্র এরিক স্কট জানান, ‘আমি ওদের এত খুশি হতে কখনো দেখিনি। বাচ্চাটিকে বাঁচানো গেছে; সেটি এখনো অবিশ্বাস্য।’
স্কট জানালেন, ‘লস অ্যাঞ্জেলেস শহরে পয়োনিষ্কাশন নালা সড়ক ও লস অ্যাঞ্জেলেস নদীর তলদেশ দিয়ে গেছে। পয়োনিষ্কাশন নালার ভেতরের পরিবেশ সাধারণত খুবই বিপজ্জনক ও বিষাক্ত। এই নালার মধ্যে পয়োদ্রব্যাদি ঘণ্টায় ১৫ মাইল বেগে প্রবাহিত হয়। এর গভীরতাও সব জায়গায় এক রকম নয়। ফলে এই বিষাক্ত-অস্বাস্থ্যকর পরিবেশে জেসে নামের বাচ্চাটির ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জীবনের আশা নিয়ে জীবিত থাকাটা ছিল রীতিমতো এক যুদ্ধ।’
উদ্ধার প্রক্রিয়া নিয়ে স্কট বলেন, ‘পয়োনিষ্কাশন নালার ভেতরে অনুসন্ধান চালানোর জন্য আমরা থার্ড পার্টি ভেন্ডরের কাছ থেকে কেনা এক ধরনের ফ্লোটিং ক্যামেরা ব্যবহার করি। ক্যামেরাগুলো নালার ভেতরে পয়োবর্জ্যের ওপর ও তলদেশে ভেসে চলতে সক্ষম। এই ফ্লোটিং ক্যামেরা ব্যবহার করেই পাইপের ভেতর জেসের অবস্থান নিশ্চিত করা হয়।’
অগ্নি নির্বাপণ বিভাগের আরেক মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট জানান, ‘বিভিন্ন দিক দিয়ে আসা পাইপগুলো আবার একসঙ্গে মিলিতও হয়েছে জায়গায় জায়গায়। ফলে আমাদের ভয় ছিল, বাচ্চাটি না আবার স্রোতে অনেক দূর চলে গিয়ে অন্য কোনো পাইপে চলে যায়। সেটি হলে তাকে খুঁজে পাওয়া দুষ্কর হতো। অনুসন্ধান চালাতে আমরা আশপাশের সম্ভাব্য সবগুলো পাইপেই তল্লাশি চালিয়েছি।’