'ভোট জালিয়াতি' তদন্তের ঘোষণা ট্রাম্পের
গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছিল, এমন অভিযোগ আগেই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করতে না পারলেও এবার ‘ভোট জালিয়াতির’ ঘটনায় ‘বড় ধরনের’ তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল বুধবার টুইটার বার্তায় তিনি বলেন, ‘ভোট জালিয়াতির ঘটনায় আমি বিস্তারিত তদন্তের নির্দেশ দেব। এর মধ্যে রয়েছে দুই রাজ্যে নিবন্ধনের বাইরে বেআইনি ভোট পড়েছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও ভোটার নিবন্ধন হয়েছে।’
এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ‘জালভোট’ পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগ, তা সমর্থন করে হোয়াইট হাউস। শন স্পাইসার বলেন, ‘বিশ্লেষণ ও প্রমাণাদির’ ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, নির্বাচনে লাখ লাখ জালভোট পড়েছে। তবে এই অভিযোগের স্বপক্ষে সাংবাদিকেরা প্রমাণ চাইলে, তা দিতে অস্বীকৃতি জানান স্পাইসার।
এর আগে গত সোমবার স্থানীয় সময় রাতে কংগ্রেসের নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প বলেন, নথিভুক্ত নন এমন ৩০ থেকে ৫০ লাখ অভিবাসী ভোট দিয়েছেন। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হলেও পপুলার ভোটে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ফল ঘোষণার পরপরই ট্রাম্প হিলারির পক্ষে লাখ লাখ ‘জালভোট’ পড়ার অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের স্বপক্ষে তিনি কখনোই প্রমাণ হাজির করেননি। তাঁর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। নির্বাচনের সত্যতা যাচাইকারীরা (ফ্যাক্ট চেকার্স) অভিযোগটিকে অসত্য বলে মন্তব্য করেছিল। এমনকি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় খোদ রিপাবলিকান কর্মকর্তারাও ‘জালভোটের’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন। শন স্পাইসার সাংবাদিকদের বলেন, যে বিশ্লেষণ ও প্রমাণাদি তাঁর (ডোনাল্ড ট্রাম্প) সামনে উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতে তিনি মনে করেন, নির্বাচনে জালভোট পড়েছে।