৯/১১-এর ভয়াবহ সেই হামলার ১৩তম বার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালন করল যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জোর দিয়ে বলেন, ভয়ের কাছে কখনোই হারবে না যুক্তরাষ্ট্র। খবর এএফপির।
সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্ক ও ওয়াশিংটনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনে নিহতদের স্বজনদের অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আমেরিকান হিসেবে আমরা আপনাদের থেকে শক্তি পাই। সেই নীল সকালে যারা আমাদের ওপর হামলা চালিয়েছিল, আপনাদের ভালোবাসাই তাদের প্রতি চূড়ান্ত ঘৃণা।’
ওবামা আরও বলেন, ‘আপনাদের মনে যে ভালোবাসা জাগরূক আছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তা নিঃশেষ করতে পারবে না। আমেরিকান হিসেবে আমরা এগিয়ে যাব। কোনো ভয়ই আমাদের কখনো পিছু হটাতে পারবে না।’
এর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে হোয়াইট হাউসের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে নীরবতা পালন অনুষ্ঠান করেন ওবামা। সেখানে তাঁর স্ত্রী মিশেল ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন।
১৩ বছর আগে বিমান ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীদের হামলায় ভেঙে পড়েছিল নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেই জায়গা পরবর্তী সময়ে পরিচিত হয় গ্রাউন্ড জিরো হিসেবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহতদের স্মরণে গতকাল গ্রাউন্ড জিরোতে সমবেত হয়েছিল স্বজনেরা। সকাল আটটা ৪৬ মিনিটে (গ্রিনিচ মান সময়) নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ওই সময়েই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি টাওয়ারে প্রথম আঘাত হেনেছিল সন্ত্রাসীদের বিমান। এরপর ওই সন্ত্রাসী হামলায় নিহত প্রায় তিন হাজার মানুষের নাম একে একে পড়া হয়।
গতকাল নিউইয়র্কে ‘৯/১১ জাদুঘর’ উদ্বোধন হওয়ার কথা ছিল।