'মহা শনিবার'-এর প্রাইমারিতে এগিয়ে ক্রুজ ও ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বা বাছাইপর্বের তথাকথিত ‘মহা শনিবার’ ছিল গতকাল শনিবার। এই ‘মহা শনিবার’ রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীরা মোট পাঁচটি অঙ্গরাজ্যে ভোটের সম্মুখীন হন। শেষ খবর পাওয়া পর্যন্ত, রিপাবলিকানদের মধ্যে দুটি রাজ্যে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও দুটিতে ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বিজয় পেয়েছেন। ডেলিগেট হিসেবে পিছিয়ে থাকলেও ক্রুজ দাবি করেছেন, সমর্থনের জোয়ার এখন তাঁর পক্ষে।
অন্যদিকে, ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যে সিনেটর বার্নি স্যান্ডার্স দুটি ও হিলারি ক্লিনটন একটি রাজ্যে জয়লাভ করেছেন। এই নির্বাচনী ফলাফলে স্যান্ডার্স নিজের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার পক্ষে নতুন রসদ সংগ্রহ করলেও ডেলিগেটের হিসেবে হিলারি ক্রমশ তাঁর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন।
কোনো সন্দেহ নেই, ক্যানসাস ও মেইন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাসে টেড ক্রুজের বিজয় তাঁকে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতৃত্ব কোনো রাখঢাক ছাড়াই তাঁদের সব শক্তি ও অর্থ নিয়োগ করেছিলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর পেছনে।
কিন্তু রুবিও শনিবারের প্রতিটি নির্বাচনেই বড়জোর তৃতীয় স্থান দখল করতে সক্ষম হন। তার চেয়েও খারাপ ফল করেছেন ওহাইওর গভর্নর জন কেইসিক, যিনি এই চার রাজ্যেই নামমাত্র ভোট পেয়েছেন।
মোট ডেলিগেটের হিসাবে এই চারজনের সর্বশেষ অবস্থান হচ্ছে—ট্রাম্প (৩৭৫), ক্রুজ (২৯১), রুবিও (১২৩) ও কেইসিক (৩৪)।
নির্বাচনের ফল প্রকাশ হওয়া মাত্রই ক্রুজ নিজেকে রিপাবলিকান দলের ‘নির্বাচনে হিলারিকে হারাতে সক্ষম’ এমন একমাত্র প্রার্থী হিসেবে দাবি করে দলের সমর্থকদের তাঁর নেতৃত্বে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে এক হতে আহ্বান জানান। রুবিও ও কেইসিককে অহেতুক নির্বাচন চালিয়ে যাওয়া থেকে বিরত থাকার আবেদন করে ক্রুজ বলেন, রক্ষণশীল ভোটাররা তাঁর নেতৃত্ব দেশব্যাপী এক আন্দোলন গড়ে তুলেছেন। তাঁরা চান ট্রাম্পকে ঠেকাতে। কিন্তু রিপাবলিকান দল যদি বিভক্ত থাকে, তাহলে সে বিজয় অর্জন কঠিন হবে।
রিপাবলিকান নেতৃত্ব গত কয়েক দিন ট্রাম্পের বিরুদ্ধে প্রবল সমালোচনার ঝড় তোলা সত্ত্বেও লুজিয়ানা ও কেন্টাকিতে তাঁর বিজয় প্রমাণ করে প্রতিষ্ঠানবিরোধী রিপাবলিকান সমর্থকদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো অটুট। এই দুই রাজ্যে ভোটারদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দলের নেতারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান করে বরং তাঁদের ক্রোধের কারণ হয়েছেন। ২০১২ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি ট্রাম্পকে প্রতারক ও তস্কর অভিহিত করে তাঁকে ভোট দেওয়া থেকে বিরত থাকার যে আহ্বান করেছেন, এই দুই রাজ্যের রিপাবলিকান সমর্থকেরা তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ভোটের ফল থেকে সে কথাই প্রমাণিত হয়।
লক্ষণীয়, যে দুটি রাজ্যে ক্রুজ জিতেছেন এবং ট্রাম্প হেরেছেন, সেখানে আনুষ্ঠানিক প্রাইমারি ভোট গ্রহণের বদলে অনেক সীমিত লোকের অংশগ্রহণে ‘ককাস’ অনুষ্ঠিত হয়। ক্রুজ গোড়া থেকেই এই দুই রাজ্যে ব্যাপক প্রচার অভিযান চালান ও উল্লেখযোগ্য পরিমাণে অর্থ ব্যয় করেন। অন্যদিকে, ট্রাম্প ককাসে অংশগ্রহণ করার বদলে লুজিয়ানা প্রাইমারিতে অধিক ডেলিগেট সংগ্রহ সম্ভব—এই বিবেচনা থেকে সেখানে সময় ও অর্থ ব্যয় করেন। এই দুই রাজ্যে শুধু রিপাবলিকান ছাড়া অন্য দলভুক্ত বা নির্দলীয় ভোটাররা অংশ নিতে পারেন, ট্রাম্পের বিজয়ের পেছনে সে বিষয়টিও বিশেষ ভূমিকা রাখে।
ডেমোক্রেটিক দলেও বার্নি স্যান্ডার্স তাঁর সব শক্তি নিয়োগ করেন নেব্রাস্কা ও ক্যানসাস অঙ্গরাজ্যের ককাসে। এই দুটি রাজ্যই শ্বেতাঙ্গ প্রধান। অন্যদিকে, আফ্রিকান-আমেরিকান সমর্থকদের জোরে হিলারি ক্লিনটন অনায়াসে লুজিয়ানায় বড় ধরনের বিজয় অর্জন করেন। এই ফলাফল থেকে আবারও প্রমাণিত হলো যে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে নিজের সমর্থন বাড়াতে সক্ষম না হলে অবশিষ্ট নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বার্নি স্যান্ডার্স অর্থপূর্ণ লড়াই চালিয়ে যেতে পারবেন না।