'মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১' বইয়ের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীম আল আমিনের লেখা ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১’ বইটির প্রকাশনা উৎসব হয়েছে। অমর একুশে গ্রন্থমেলায় ২২ ফেব্রুয়ারি এ প্রকাশনা উৎসব হয়।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেলার মোড়ক উন্মোচন মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। বইটির প্রকাশক আদিত্য প্রকাশের প্রধান নির্বাহী আফজাল হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক পারভেজ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বইটির মোড়ক উন্মোচন করা হয়। এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন সবাই।
‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কে বলা চলে ঐতিহাসিক ঘটনাপ্রবাহের একটি দলিল। ২০১৮ সালের ১১ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের সময় উপস্থিত থাকার অভিজ্ঞতা থেকে রচিত বইটি।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠিয়ে আমরা যে গৌরব অর্জন করেছিলাম, এই বই তার প্রামাণ্য দলিল হয়ে থাকবে।’
অতিথিদের বক্তব্যের পর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বইটির লেখক শামীম আল আমিন। তিনি বলেন, নিয়মিত গল্প আর উপন্যাস লেখার পাশাপাশি কখনো এমন কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে, যা একটি জাতির জন্য গুরুত্বপূর্ণ।