'মহাজয়ের' অপেক্ষায় হিলারি ও ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও  হিলারি ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গতকালের ‘মঙ্গলবার’টি ছিল ‘সুপার টুইসডে’ বা ‘মহা মঙ্গলবার’। এই দিনে দেশটির দুই প্রধান রাজনৈতিক দল, ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির সমর্থকদের প্রায় এক ডজন অঙ্গরাজ্যে নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীর প্রাইমারি বা বাছাইপর্বের নির্বাচনে অংশ নেওয়ার কথা। সিএনএন সর্বশেষ জাতীয় জনমত জরিপের যে ফল প্রকাশ করেছে তা সত্যি হলে এই নির্বাচনের পর এই দুই দলের শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে জয়লাভ করবেন।
সোমবার প্রকাশিত এই জনমত জরিপে হিলারি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের তুলনায় ১৭ পয়েন্টে এগিয়ে আছেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার যে ১২টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক সমর্থকেরা ভোটে অংশ নেবেন, তার আটটিতে হিলারির জয় সুনিশ্চিত। স্যান্ডার্স তাঁর নিজের রাজ্য ভারমন্টে জয়লাভ করবেন। এ ছাড়া তিনি মিনেসোটা, ওকলাহোমা ও ম্যাসাচুসেটসেও অল্প ব্যবধানে এগিয়ে আছেন। স্যান্ডার্সের অধিকাংশ সমর্থক ছাত্র অথবা যুবক, এঁদের সবাই ভোটকেন্দ্রে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। নিজ রাজ্যের বাইরে উল্লেখযোগ্য ব্যবধানে দুই বা তিন রাজ্যে জয়লাভে ব্যর্থ হলে সিনেটর স্যান্ডার্সকে ভাবতে হবে, তিনি আর কত দিন তাঁর লড়াই চালিয়ে যাবেন।
এদিকে বাছাইপর্বের নির্বাচনের আগে নেব্রাস্কার সিনেটর এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা বেন সাসে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বলেছেন, তিনি হতাশ ও বিষাদগ্রস্ত। ট্রাম্প যদি রিপাবলিকান মনোনয়ন পান তবে তৃতীয় কোনো বিকল্প প্রার্থীর পক্ষে থাকবেন।
তবে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে রিপাবলিকান এস্টাবলিশমেন্টের এসব আর্তচিৎকার সত্ত্বেও ট্রাম্প তাঁর অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এত দিন পর্যন্ত তাঁর জনসমর্থন ৩৫% শতাংশের ঊর্ধ্বে না ওঠায় জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করবেন না—এমন একটি ধারণা রিপাবলিকান মহলে চালু ছিল। কিন্তু সিএনএনের জরিপ অনুযায়ী, রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৪৯ শতাংশ জনসমর্থন অর্জন করে সে ধারণা তিনি মিথ্যা প্রমাণ করেছেন। গতকালের নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, যে ১১টি রাজ্যে রিপাবলিকান সমর্থকেরা বাছাই ভোটে অংশ নেবেন, একমাত্র টেক্সাস ছাড়া বাকি সবগুলোতেই ট্রাম্প জয়লাভ করবেন।
গত কয়েক দিন রিপাবলিকান নেতৃত্ব ট্রাম্পের বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টায় সিনেটর রুবিওর সমর্থনে বাকি তিন প্রার্থীকে সরে যাওয়ার তাগাদা দিচ্ছিলেন। কিন্তু রুবিও এখন পর্যন্ত কোনো রাজ্যেই জয়লাভ করেননি। মহা মঙ্গলবারও তাঁর জয়ের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, সিনেটর টেড ক্রুজ যদি নিজ রাজ্য টেক্সাসে জয়লাভ করেন, তাহলে তাঁকে হটানো অসম্ভব হবে। সিনেটর রুবিও আশা করছেন, ১৫ মার্চ তাঁর নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় তিনি জিতবেন। তবে এখন পর্যন্ত যে জনমত জরিপ হয়েছে, তাতে ফ্লোরিডাতেও ট্রাম্প তাঁর চেয়ে ১২ থেকে ১৫ পয়েন্টে এগিয়ে আছেন।
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ রয়েছে অবশিষ্ট দুই রিপাবলিকান প্রার্থী বেন কারসন ও গভর্নর কেইসিকের ওপর। সিএনএনের জরিপে ১০ শতাংশ সমর্থন অর্জন করে কারসন লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। অন্যদিকে গভর্নর কেইসিক জানিয়েছেন, ১৫ মার্চ তাঁর নিজের রাজ্য ওহাইওতে ভোট গণনা পর্যন্ত তিনি দৌড় চালিয়ে যাবেন।