
কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেছেন, আপনাদের মানুষের কথা লিখতে হবে। কারণ মানুষ মানুষের গল্প শুনতে ভালোবাসে।
২৬ জুন লেখালেখি বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে প্রথম আলো উত্তর আমেরিকা। পত্রিকার প্রতিবেদন কীভাবে লিখবেন, ফিচার লেখার কৌশল এমনকি গল্প ও উপন্যাস লেখালেখির ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গীকে কর্মশালায় তুলে ধরেন আনিসুল হক। দেড় ঘণ্টার এই কর্মশালায় সবাই মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথা শোনেন।
আনিসুল হক বলেন, ‘রিপোর্ট লেখার একটা পিরামিড আছে। প্রথমে একটা ভূমিকা থাকতে হবে। তারপর বিস্তারিত। সেখানে কী, কে, কেন, কোথায়, কীভাবে এই প্রশ্নের উত্তর থাকতে হবে। আপনারা যারা রিপোর্ট লিখবেন, তাঁরা বিষয়টি মাথায় রাখবেন। আর লেখা যত ছোট হবে তত মানুষ পড়বে।’
আনিসুল হক জানান, প্রথম আলো উত্তর আমেরিকা কিংবা দূর পরবাসের অনেক লেখা সর্বাধিক পঠিত লেখায় ঠাঁই পেয়েছে। কারণ সেখানে মানুষের কথা আছে। সেই গল্প সাফল্যের হতে পারে। দুঃখের হতে পারে। বনানী টাওয়ারে আগুন লাগার পরে যে ছোট্ট ছেলেটি পাইপ চেপে ধরে বসেছিল, তার গল্প আমরা লিখেছি। আহমেদ হোসেন বাবুর গ্রেপ্তারের খবর নিয়ে এখন চারদিকে তোলপাড় চলছে। এই খবরের ফলো আপ থাকতে হবে। প্রবাসীদের মধ্যে সফল ব্যবসায়ী, সর্বোচ্চ ট্যাক্স দাতা, সন্তানের হত্যাকারীদের ক্ষমা করে দেওয়া ব্যক্তি, সম্ভাব্য নোবেল পুরস্কার বিজয়ী—এমন সব মানুষকে তুলে আনতে হবে।
গদ্যের ক্ষেত্রে ছোট ছোট বাক্য দিয়ে লেখাকে সমর্থন করেন আনিসুল হক। তিনি নিজে সেটা অনুসরণ করেন। হুমায়ুন আহমেদের জনপ্রিয়তার মূল কারণ ছিল এই রীতিতে লেখা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ও এভাবে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্বৃতি দিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলা ভাষা বড় বাক্য সহ্য করতে পারে না। ফিচারের ক্ষেত্রে শিরোনাম এমন হবে, যাতে পাঠকের মনে পড়ার আগ্রহ জন্মায়। লেখার শুরু হবে আকর্ষণীয়ভাবে। চমক থাকতে হবে। তবে শেষটা হবে করুণ। অনেকটা চার্লি চ্যাপলিনের সিনেমার মতো।’
গল্প–উপন্যাসের আলোচনায় এসে আনিসুল হক বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর প্রিয় উপন্যাস শরৎচন্দ্রের দেবদাস। দুই জায়গাতে শুরু হয়েছিল আনন্দ দিয়ে। কিন্তু সমাপ্তি ঘটে করুণ বিষাদের মাধ্যমে। এই ধরনের লেখা পাঠককে আকর্ষণ করে।’ তিনি আরও বলেন, ‘লেখায় পুনরাবৃত্তি যত কম থাকে, তত ভালো। আমার ‘মা’ উপন্যাস প্রথম ইংরেজীতে অনুবাদ হয়েছিল ভারত থেকে। পরে অস্ট্রেলিয়ায় এক সাহিত্য সমালোচককে বইটি দেওয়ার পরে তিনি বলেছিলেন, এখানে অনেক বাড়তি কথা আছে। যেমন এক জায়গায় আছে, আজ ৩১ ডিসেম্বর। গতকাল ছিল ৩০ ডিসেম্বর। তাঁর বক্তব্য, ৩১ ডিসেম্বরের আগের দিন তো ৩০ ডিসেম্বর হবেই, এটা আবার লেখার দরকার কি? তখন ভারতীয় অনুবাদ সংস্থাকে জানালে তারা বলে, আপনার লেখায় এক ধরনের কাব্যময়তা আছে, যে কারণে একই কথা বার বার অনুরণিত হয়েছে।’
গল্প বা উপন্যাসের নির্দিষ্ট কোনো আকার থাকবে বলে মনে করেন না আনিসুল হক। লেখালেখির জন্য বিশ্বসেরা সাহিত্য পাঠের কথা বলেন। গল্প বা উপন্যাস রচনা শেষ করার পর চার পাঁচ দিন ফেলে রাখার পরামর্শ দেন। তাতে লেখা সম্পর্কে একটা নির্মোহ মনোভাব সৃষ্টি হবে।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক আহমাদ মাযহার, লেখক ইশতিয়াক আহমেদ রূপু, লেখক হুমায়ুন কবির ঢালী, আবদুস শহীদ, মনিজা রহমান, রূপা খানম, শিমু আফরোজা, শেলী জামান খান, রওশন হক, স্মৃতি ভদ্র, তাহরিনা পারভীন প্রীতি, শাম্মী আক্তার হ্যাপি, হেলিম আহমেদ, মনজুরুল হক, এমবি তুষার, সানজিদা উর্মী প্রমুখ।